আবার কবে ফিরব জানি না

দুই মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন একসময়ের জনপ্রিয় তারকা শ্রাবন্তী। এবার এসে প্রিয় সহকর্মীদের খুঁজে খুঁজে দেখা করছেন। সমসাময়িক বিষয়ে কথা বলেছেন তিনি

দেশে ফেরা...

গত ১৯ ফেব্রুয়ারি দেশে ফিরেছি। এর আগে গত বছর অক্টোবরে মা মারা যাওয়ার সময় আরেকবার এসেছিলাম।

সহকর্মীদের সান্নিধ্যে...

এবার আসার পর বেশি ঘোরাঘুরি করছি। পুরনো সহকর্মীদের সঙ্গে দেখা করছি, আড্ডা দিচ্ছি। অনেক মজার সময় কাটছে। ঢাকার জ্যাম আর গরম ছাড়া ভালোই কাটছে। এক যুগের বেশি সময় পর তারিন আপা, অপি করিম, ঈশিতা, বিন্দুদের সঙ্গে দেখা হলো। কী যে ভালো লেগেছে। একসঙ্গে আমরা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। আড্ডা, গল্পে সবাই পুরনো দিনে ফিরে গিয়েছিলাম। মনেই হচ্ছিল না যে এত দিন পর আমাদের দেখা হলো। দীর্ঘদিন ধরে আমি আমেরিকায় থাকি। ফোনে তাদের সঙ্গে কথা হতো মাঝেমধ্যে। ফোনে কথা বলা আর চোখের দেখা এক নয়। সবাইকে কাছে পেয়ে আনন্দে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আবার কবে দেখা হবে কে জানে!

আসিফের বাড়িতে...

গায়ক আসিফ আকবরের সঙ্গে প্রায় ১৩ বছর পর দেখা হলো। শেষ দেখা হয়েছিল আমেরিকা ও দুবাইয়ে স্টেজ শো ট্যুরে। এবার এসে দেখা করলাম। তিনি আমাকে খুবই স্নেহ করেন, আমিও তাকে ভীষণ পছন্দ করি। তাই তার বাসায় গেলাম। ভাবি আমাকে রান্না করে খাওয়ালেন।

ক্যামেরার সামনে...

কয়েক জায়গা থেকে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। কিন্তু এই মুহূর্তে আমি প্রস্তুত না। একসময় বিনোদন অঙ্গনটাই আমার প্রিয় জায়গা ছিল। কিন্তু বাস্তবতার কারণে অনেক দিন হলো দেশের বাইরে চলে গেছি। এ কারণে আর কাজ করা হয় না। ইচ্ছা থাকলেও হয় না। তবে অভিনয়ে ফেরার ইচ্ছা আছে। পরিস্থিতির ওপর নির্ভর করছে সব কিছু। আবার কবে কখন দেশে ফিরব, সেটাও জানি না।

প্রবাস জীবন...

যুক্তরাষ্ট্রে আমি কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নই। কারণ, আমার ৯ ও ৬ বছরের দুটি বাচ্চা আছে। তাদের দেখাশোনা, তাদের স্কুল নিয়ে আমাকে ব্যস্ত থাকতে হয়। মাঝে ওয়ালমার্টে কাজ নিয়েছিলাম। ভালো না লাগায় ছেড়ে দিয়েছি। এরপর মেডিকেল সহকারীর স্বল্পমেয়াদি একটি কোর্সে ভর্তি হয়েছিলাম। কোর্সটি শেষ। করোনা গেলে কাজে যোগ দেওয়ার ইচ্ছা আছে।

গুডবাই...

আগামী সপ্তাহে যাওয়ার টিকিট করা আছে। সময়টা ভালোই কাটছে। এই ভালো লাগাটা যদি থাকে, তাহলে ফিরে যাওয়ার সময়টা এক সপ্তাহ পিছিয়ে নিতে পারি।