চাকরিতে বৈষম্য দূরীকরণসহ তিন দফা দাবিতে গতকাল বুধবার মাগুরা ও চাঁপাইনবাবগঞ্জে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা মানববন্ধন করেছেন।
সকালে মাগুরা প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে জেলার সরকারি-বেসরকারি ২৮টি প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলীরা অংশ নেন। ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-আইডিইবি মাগুরা শাখা এ মানববন্ধনের আয়োজন করে।
সমাবেশে পেশাগত সমস্যাদি দ্রুত সমাধান ও অসামঞ্জস্যতামূলক ধারাসমূহ সংশোধনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
অন্যদিকে দুপুরে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মঞ্চের সামনে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।