নির্বাচনী প্রচারে হামলা, আহত মমতা হাসপাতালে

নির্বাচনী প্রচারে গিয়ে আহত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল প্রধান মমতা ব্যানার্জিকে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। হাসপাতালটির সাত চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তিনি। হাসপাতাল সূত্র জানিয়েছে, বাম পা, কাঁধ, কোমর, বুক এবং মাথায় আঘাত লেগেছে মমতার। করা হয়েছে বেশ কয়েকটি এক্স-রে ও এমআরআই। তবে চিকিৎসকদের দাবি, গুরুতর কিছু হয়নি তৃণমূল প্রধানের।

গতকাল বুধবার নন্দীগ্রামের রেয়াপাড়ায় একটি মন্দির থেকে বের হওয়ার সময় চার-পাঁচজন মানুষ তাকে ধাক্কা মেরে ফেলে দেয় বলে অভিযোগ করেছেন মমতা। আনন্দবাজার জানায়, মমতার মাথা, কপাল এবং পায়ে আঘাত লেগেছে। পরে প্রচারণা বন্ধ রেখে কলকাতায় ফিরিয়ে নেওয়া হয় তাকে। পুরো ঘটনাকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন তিনি।

রানিচক থেকে গাড়ি করে মুখ্যমন্ত্রীকে তার অস্থায়ী ঠিকানা রেয়াপাড়ার বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এরপর চিকিৎসকদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয় তাকে কলকাতায় নিয়ে আসা হবে। গত মঙ্গলবার দুপুরে হেলিকপ্টারে নন্দীগ্রাম গিয়েছিলেন মমতা। কিন্তু আহত মমতাকে ‘গ্রিন করিডর’ করে কলকাতায় নিয়ে যাওয়া হয়।

গতকাল হলদিয়ায় মনোনয়নপত্র জমা দিয়ে নন্দীগ্রামে ফিরে আসেন মমতা। সেখানে একাধিক মন্দির পরিদর্শন করেছিলেন তিনি। সবশেষ রেয়াপাড়ায় একটি মন্দির থেকে বের হওয়ার সময় ভিড়ের মধ্যে আকস্মিক ধাক্কা দেওয়ায় মুখ থুবড়ে পড়ে যান মমতা। এতে কপালে ও মাথায় আঘাত লাগে তার। এছাড়া পায়েও ব্যথা পান। ঘটনাস্থলে তখন কোনো পুলিশ সদস্য ছিল না বলে অভিযোগ করেছে তৃণমূল। পরে দেহরক্ষীরাই তুলে গাড়িতে নিয়ে যান মমতাকে।

আনন্দবাজার জানিয়েছে, ইতিমধ্যেই জেলা প্রশাসনের কাছে এ ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে রাজ্যটির নির্বাচন কমিশন। এ বিষয়ে দিল্লির নির্বাচন কমিশনকে প্রাথমিক রিপোর্ট পাঠানো হয়েছে। জেলা প্রশাসন বিস্তারিত রিপোর্ট দিলে তাও পাঠিয়ে দেওয়া হবে।