গান ছেড়ে দেবেন সেলেনা গোমেজ

মার্কিন জনপ্রিয় পপ তারকা সেলেনা গোমেজ ‘বারনি অ্যান্ড ফ্রেন্ডস’ টিভি সিরিজের মাধ্যমে ২০০২ সালে শোবিজ দুনিয়ায় আত্মপ্রকাশ করেন। তবে নিজের গান দিয়ে বেশি আলোচিত হয়েছেন সেলেনা। চলতি বছর ‘ভোগ’ ম্যাগাজিনের এপ্রিল সংখ্যায় কাভারে জায়গা করে নেন। সম্প্রতি ক্যারিয়ার নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন ম্যাগাজিনটির সঙ্গে। কথা প্রসঙ্গে গান থেকেও দূরে সরে যাওয়ার পরিকল্পনা জানিয়েছেন তিনি।

মিউজিক নিয়ে পরিকল্পনার কথা জানতে চাইলে ‘ভোগ’কে সেলেনা বলেন, ‘মানুষ আপনার কাজকে গুরুত্বের সঙ্গে না নিলে গান চালিয়ে যাওয়া সত্যিই কঠিন। আমার ক্যারিয়ারে এমন কিছু মুহূর্ত এসেছে যখন আমাকে গান নিয়ে জবাবদিহিও করতে হয়েছে।’

তিনি বলেন, ‘আমি মনে করি, আমার ক্যারিয়ারের সেরা গানগুলোর অন্যতম হচ্ছে ‘লুস ইউ টু লাভ মি’। কিন্তু দুঃখের বিষয়, কিছু মানুষের জন্য গানটিও যথেষ্ট নয়।’

ভক্তদের কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি জানি, আমার গানের অনেক শ্রোতা আছেন। তারা আমার গানকে ভালোবাসেন। আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু সংগীত থেকে আমি অবসর নেব।’ সেলেনা বলেন, ‘আমি আমার শেষ অ্যালবাম কিছুটা ভিন্ন আঙ্গিকে করতে চাই। মিউজিক থেকে বিদায় নেওয়ার আগে আমি শেষ চেষ্টা করতে চাই।’