এ সময়ে চাকরি খোঁজার আগে

করোনা-পরবর্তী অর্থনৈতিক প্রভাব পড়েছে চাকরির বাজারে। সে অনুযায়ী চাকরির বাজারে এসেছে বেশ কিছু পরিবর্তন। পরিবর্তিত প্রেক্ষাপটে দ্রুত চাকরি খুঁজে পেতে মাথায় রাখতে হবে বেশ কিছু জিনিস

মনের মতো চাকরি নয়

আপনার লক্ষ্য দ্রুততম সময়ে চাকরি পাওয়া। কাজেই এ সময়ে মনের মতো চাকরির লক্ষ্য নিয়ে এগোবেন না। জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন। সহজে আবেদন করা যায় এমন চাকরি খুঁজুন। যোগ্যতার চেয়ে খানিক ছোট পদেও আবেদন করুন। নিজের মনের মতো চাকরি খুঁজছেন চাকরিদাতা তা টের পেলে অপছন্দের পদে আপনার চাকরি নাও হতে পারে। কাজেই ইন্টারভিউ বোর্ডে সমস্যা সমাধানকারী হিসেবে নিজেকে তুলে ধরুন। কাজের প্রতি আগ্রহ শতভাগ ফুটিয়ে তুলুন।

যোগ্যতাগুলো জানান

কোনো না কোনো প্রতিষ্ঠানে কর্মরত আছেন এমন মানুষদের জানান আপনি চাকরি খুঁজছেন। সঙ্গে আপনার কী কী যোগ্যতা আছে সেগুলোও জানিয়ে রাখুন। বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইটসহ চাকরির খবর দেয় এমন ওয়েবসাইটগুলোয় (যেমন : বিডিজবস) চোখ রাখুন। পদ খালি থাকলে আপনি কাজ খুঁজছেন জানা থাকা এমন অনেকেই আপনাকে ডেকে নেবেন চাকরির জন্য। নিজের লিংকডইন প্রোফাইল ঠিকমতো সাজান। লিংকডইন রিপোর্ট জানাচ্ছে প্রোফাইলে ‘ওপেন টু ওয়ার্ক’ মার্ক দেওয়া থাকলে কাজ পাওয়ার সম্ভাবনা ৪০% বেড়ে যায়।

অস্থায়ী চাকরি

প্রজেক্টভিত্তিক, সাময়িক বা অস্থায়ী কোনো চাকরিকে হেলা করবেন না এ সময়। কারণ ভালো কাজ জানলে অস্থায়ী নিয়োগ পাওয়া লোকদের অনেককেই স্থায়ী পদের জন্য ডাকা হয়। স্থায়ী চাকরির আশায় বসে না থেকে অস্থায়ী কোনো পদে কাজ করলে আপনি দুটি সুবিধা পাবেন প্রথমত, অপেক্ষায় আপনার সময় নষ্ট হবে না এবং দ্বিতীয়ত, আপনার অস্থায়ী এই চাকরি অর্থনৈতিক চাপ থেকে মুক্তি দেবে।