মহামারী করোনাভাইরাস বিশ্বকে অনেক কিছুই দেখিয়েছে। মানুষে মানুষে বিভেদের বিষয়টি যেমন সামনে নিয়ে এসেছে তেমনি মানবিক দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভেদ ভুলে এক হওয়ার নজিরও হয়েছে এ সময়ে। বিশেষ করে করোনায় সবচেয়ে বেশি বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আদর্শের তফাৎ ভুলে সাবেক প্রেসিডেন্টদের এক হওয়া নজর কেড়েছে বিশ্বের।
সংক্রমণ রুখতে শুরু থেকে তারা যেমন একই রকমের বক্তব্য দিয়েছেন, তেমনি এবার করোনাভাইরাসের টিকা নিয়ে জনস্বার্থে প্রচারে অংশ নিয়েছেন। বিবিসি জানাচ্ছে, দেশটির সাবেক চার প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ, বিল ক্লিনটন ও জিমি কার্টার মানুষকে টিকা নিতে উৎসাহিত করতে দুটি বিজ্ঞাপনে অংশ নিচ্ছেন।
খবরে বলা হয়, এ প্রচারকাজে তাদের সঙ্গে দেখা যাবে চার সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা, লরা বুশ, হিলারি ক্লিনটন ও রোজালিন কার্টারকেও। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অ্যাড কাউন্সিল বিষয়টি জানায়।
একটি প্রচারে বুশের সঙ্গে দেখা যাবে ওবামা ও ক্লিনটনকে। তারা মার্কিন নাগরিকদের টিকা নিতে পরামর্শ দেন। সেখানে বুশ বলেন, ‘বিষয়টি পরিষ্কার। এই টিকা বিপজ্জনক এবং প্রাণঘাতী রোগ থেকে আপনাকে সুরক্ষা দেবে।’
ওবামা বলেন, ‘এটা (টিকাগ্রহণ) মহামারী অবসানের প্রথম পদক্ষেপ, যা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে।’
দ্বিতীয় বিজ্ঞাপনে এ তিনজনের সঙ্গে দেখা যাবে আরেক সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারকেও। তাদের সঙ্গে থাকবেন তাদের স্ত্রীরাও। মাস্ক পরা অবস্থায় তারা সবাই এক ডোজ টিকা নেবেন। এরপর জিমি কার্টারকে বলতে দেখা যাবে, ‘এবার আপনাদের পালা।’
অলাভজনক এসব প্রচারকাজে চার সাবেক প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি অংশ নিলেও দেখা যায়নি সদ্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পকে।
এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে অ্যাড কাউন্সিলের এক মুখপাত্র বলেন, একটি বিজ্ঞাপন ধারণ করা হয় জানুয়ারিতে প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে। সেদিন সেখানে ট্রাম্প উপস্থিত ছিলেন না।