ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ঢাকার কেরানীগঞ্জ ও মুন্সীগঞ্জের সিরাজদীখানের দুটি পেট্রোল পাম্পকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
গতকাল বৃহস্পতিবার পরিচালিত অভিযানের মাধ্যমে এ জরিমানা আদায় করে প্রতিষ্ঠানটি। বিএসটিআই জানায়, কেরানীগঞ্জের মেসার্স শামছু ফিলিং স্টেশন জ্বালানি তেল পরিমাপে তিনটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ২০০, ১৮০ ও ২৮০ মিলিলিটার এবং একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৩৬০ মিলিলিটার তেল কম দিচ্ছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে মুন্সীগঞ্জের সিরাজদীখান এলাকার মেসার্স তালুকদার ফিলিং স্টেশন জ্বালানি তেল পরিমাপে একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১৬০ মিলিলিটার তেল কম দেওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তারের নেতৃত্বে ঊর্ধ্বতন পরীক্ষক মো. রাকিবুল আলম এবং পরিদর্শক মো. নাজমুস সায়াদত অংশ নেন।