ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে ১টা থেকে আগামী রবিবার রাত ৮টা পর্যন্ত এ কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাবি অনলাইন ভর্তি কমিটি।
ভর্তি প্রক্রিয়ার অনলাইন আবেদন শুরুর পর থেকে ধারণার চাইতেও বেশি আবেদন একসঙ্গে জমা পড়ায় সার্ভারে সমস্যা দেখা দেওয়ায় কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক এবং ঢাবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘কারিগরি জটিলতার কারণে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন বন্ধ রাখা হয়েছে। আগামী রবিবার পর্যন্ত আবেদন বন্ধ থাকবে। আশা করা যাচ্ছে, রবিবার রাত ৮টার মধ্যে আবারও আবেদন প্রক্রিয়া শুরু করা যাবে।’
এর আগে গত ৮ মার্চ ভর্তি কার্যক্রমের আবেদন প্রক্রিয়া শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ আবেদন প্রক্রিয়ার উদ্বোধন করেন। আবেদন শুরুর পর সন্ধ্যা ৭টা থেকে সমস্যা শুরু হয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। আবেদনকারীদের আবেদন জমা না নেওয়া, সার্ভারে ঢুকতে না পারা, লগইন না হওয়াসহ নানা সমস্যা দেখা দিচ্ছে সাইটে।