স্ত্রীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্বামী

কুমিল্লায় দাম্পত্য কলহের জের ধরে স্ত্রী রোকসানা আক্তারকে কুপিয়ে হত্যার পর ঘরে তালা দিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে নিহতের স্বামী দেলোয়ার হোসেনের বিরুদ্ধে।

শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার পালপাড়া গ্রামের ভাড়া বাসা থেকে রোকসানার মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গৃহবধূর স্বামী দেলোয়ার পলাতক রয়েছেন। তার বাড়ি কুমিল্লা আদর্শ সদর উপজেলার পালপাড়া গ্রামে। তবে ভিটেমাটি বিক্রি করে ভাড়া বাসায় থাকতেন। পেশায় তিনি পরিবহন শ্রমিক। অন্যদিকে, রোকসানা কুমিল্লা নগরীতে একটি বেসরকারি ক্লিনিকে আয়ার চাকরি করতেন। দেলোয়ার-রোকসানা দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ে এসএসসি পরীক্ষার্থী এবং ছেলে নবম শ্রেণিতে পড়ছে।

নিহত রোকসানার মেয়ে জানায়, তার বাবা প্রায়ই তার মাকে শারীরিক নির্যাতন করতেন। এ নিয়ে বেশ কয়েকবার সালিসও হয়েছে। তবে কোনো সমাধান হয়নি। দাম্পত্য কলহের জেরেই তার মা রোকসানাকে খুন করেছেন তার বাবা।

রোকসানার ছোট বোন পারুল আক্তার জানান, গতকাল রাতে কাজ শেষে রোকসানা বাড়ি আসেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রোকসানার ছেলে ও মেয়ে বাড়িতে এসে দরজা তালাবদ্ধ দেখতে পায়। তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে রোকসানার মরদেহ দেখতে পায়।

তিনি আরও জানান, পরে তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করলে বেলা আড়াইটার দিকে ঘটনাস্থলে আসেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ছত্রখীল ফাঁড়ির ইনচার্জ শরিফুর রহমান।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শরিফ জানান, রোকসানার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।