সিদ্ধিরগঞ্জে মাদ্রাসাছাত্র ছাব্বির আহম্মেদ (১৪) হত্যার অভিযোগে কওমি মাদ্রাসার তিন শিক্ষক ও চার ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে রসুলবাগ মাঝিপাড়া রওজাতুল উলুম মাদ্রাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গতকাল শুক্রবার নিহতের পিতা বাদী হয়ে মামলা করলে সাত দিনের রিমান্ড চেয়ে দুপুরে তাদের আদালতে প্রেরণ করে পুলিশ।
ছাব্বির আহম্মেদ রূপগঞ্জ থানার বরপা এলাকার মো. জামাল হোসেনের ছেলে।
গ্র্রেপ্তার ব্যক্তিরা হলেন মাদ্রাসার শিক্ষক চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার মধুপুর এলাকার শামীম, ময়মনসিংহের ফুলপুর থানার ইমাদপুর এলাকার মাহমুদুল হাসান, ঢাকার গে-ারিয়া থানার শাঁখারীনগর এলাকার আবু তালহা, মাদ্রাসাছাত্র নারায়ণগঞ্জের বন্দর থানার উত্তর লক্ষণখোলা এলাকার আবু বক্কর, ময়মনসিংহের পাগলা থানার কাজা গ্রামের শওকত হোসেন সুমন, একই জেলার ফুলপুর থানার ইমাদপুর গ্রামের জুবায়ের আহমেদ ও চাঁদাপুরের ফরিদগঞ্জ থানার ভাটিরগাঁও গ্রামের আবদুল আজিজ।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, সাব্বির ওই মাদ্রাসায় আবাসিকভাবে থেকে হিফজ বিভাগে পড়ত। ১০ মার্চ সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষক যুবায়ের জামাল হোসেন মোবাইলে ফোন দিয়ে জানান, ছাদে ওঠার সিঁড়ি সংলগ্ন ফাঁকা রডের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে সাব্বির আত্মহত্যা করেছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।