চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় এক ব্যাংক কর্মকর্তাকে আটকে রেখে মুক্তিপণ আদায়ের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো মো. শহীদ আলম ওরফে লেদু (৩০), জাহাঙ্গীর আলম (৩০), গিয়াস উদ্দিন (২৯) ও মো. রায়হান (২৮)।
বাকলিয়া থানার ওসি রুহুল আমিন বলেন, নগরীর একটি বেসরকারি ব্যাংকের হালিশহর শাখার সিনিয়র অফিসারের পরিচিত এক ব্যক্তি তার সঙ্গে মোবাইল ফোনে এক তরুণীর পরিচয় করিয়ে দেন। ওই তরুণীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলার মাধ্যমে তাদের সম্পর্ক গড়ে ওঠে। তরুণী ব্যাংক কর্মকর্তাকে দেখা করতে গত ৫ মার্চ নগরীর রাহাত্তারপুল আসতে বলে। সেখান ওই ব্যাংক কর্মকর্তা পৌঁছালে রাহাত্তারপুল থেকে নিয়ে যেতে ওই তরুণী রায়হান নামে একজনকে পাঠায়। রায়হান তাকে নিয়ে চান্দাপুকুর এলাকায় বিসমিল্লাহ টাওয়ার নামে একটি ভবনের পেছনে খালি জায়গায় নিয়ে যায়। সেখানে আগে থেকেই শহীদ, জাহাঙ্গীর, গিয়াসসহ আরও কয়েকজন ছিল। তারা ব্যাংক কর্মকর্তাকে সেখানে হেনস্তা করে তরুণীর সঙ্গে অবৈধ সম্পর্ক আছে বলে। ছুরিকাঘাতের ভয় দেখিয়ে এবং পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ২ লাখ টাকা দাবি করে। ব্যাংক কর্মকর্তা তার ভাইয়ের মাধ্যমে বিকাশে ২ লাখ টাকা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।’