বরিশালের রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা পুলিশের কাছে জমা দিয়ে উদারতার পরিচয় দিয়েছে স্কুলশিক্ষার্থী সজীব হাওলাদার। পথে পাওয়া দুই বান্ডিল টাকার প্রকৃত মালিকের জন্য অপেক্ষা করে না পেয়ে শেষ পর্যন্ত পুলিশের কাছে তা জমা দেয়।
গত বৃহস্পতিবার দুপুরে নগরের ভাটিখানা সড়কে কুড়িয়ে পাওয়া দুই বান্ডিল টাকা নগরীর কাউনিয়া থানা পুলিশে জমা দেয় সজীব। কিশোর সজীব হাওলাদার নগরীর ভাটিখানা এলাকার অস্থায়ী বাসিন্দা সুবোধ হাওলাদারের ছেলে এবং স্থানীয় বাচ্চু মিয়ার ভাড়াটিয়া। সে নগরীর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
নগরীর কাউনিয়া থানার এসআই মিরাজ মোল্লা জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে নগরীর ভাটিখানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসসংলগ্ন রাস্তায় দুই বান্ডিল টাকা কুড়িয়ে পায় সজীব। এরপর টাকাগুলো নিয়ে ওই এলাকার এক দোকানির সঙ্গে আলাপ করে এর প্রকৃত মালিককে খুঁজতে থাকে ফিরিয়ে দেওয়ার জন্য। তাৎক্ষণিক প্রকৃত মালিক না পাওয়ায় স্থানীয়দের পরামর্শে কাউনিয়া থানায় ওই দুই বান্ডিল টাকা জমা দেয় সে। প্রকৃত মালিক শনাক্ত করার জন্য টাকার সুনির্দিষ্ট পরিমাণ ও অন্যান্য তথ্য প্রকাশ করেনি পুলিশ।