ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০জন আহত হয়েছেন।
শনিবার সকাল ৭টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নিমবাড়ি গ্রামে এ সংঘর্ষ ঘটে।
নিহত ফায়েজ মিয়া (৫৫) নামিবাড়ি গ্রামের লাবু মিয়ার ছেলে।
আহতদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নিমবাড়ি গ্রামের শাক্কু মিয়ার সঙ্গে একই গ্রামের রতন মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এর জেরে শনিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের হামলায় রতন মিয়ার সমর্থক ফায়েজ মারা যান।
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর ভূইয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।