সড়ক দুর্ঘটনায় দুই যন্ত্রশিল্পীর মৃত্যুতে সংগীতাঙ্গনে শোক

কণ্ঠশিল্পী বিউটি খান ফেইসবুকে ছবি পোস্ট করে লেখেন, ‘কক্সবাজারের পথে’ ও ‘ফি আমানিল্লাহ’। নিজের একক ছবির পাশাপাশি অন্যটিতে ছিলেন তার পাঁচ সঙ্গী। কে জানতে— সেই ছবিই হয়ে রবে শোকের প্রতীক।

ছয়জনের দলটি মাইক্রোবাসে করে শুক্রবার রাতে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। সেখানে একটি গানের অনুষ্ঠানে তাদের যোগ দেওয়ার কথা ছিল।

কিন্তু শনিবার ভোররাত পাঁচটার দিকে চট্টগ্রামের মীরসরাই এলাকার তাদের বহনকারী মাইক্রোবাসটি দুর্ঘটনায় পড়ে। এ ঘটনায় প্রাণ হারান সংগীতাঙ্গনের দুই পরিচিত মুখ প্যাড ও পার্কাসনবাদক হানিফ আহমেদ ও প্যাডবাদক পার্থ গুহ।

জানা যায়, উল্টো দিক থেকে আসা একটি লরি সংগীতশিল্পীদের মাইক্রোবাসকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই প্রাণ হারান পার্থ। দুর্ঘটনায় আহত সবাইকে জরুরি ভিত্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হানিফকেও মৃত ঘোষণা করেন।

এ ছাড়া গাড়িতে থাকা বিউটি খান, নন্দন, রাহাত, পাপ্পু ও তাওহীদ মারাত্মক আহত হয়েছেন। তাদের মধ্যে বিউটির অবস্থা আশঙ্কাজনক।

সকালে হানিফ ও পার্থর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে সংগীতাঙ্গনে।

দেশের শীর্ষ স্থানীয় অনেক সংগীতশিল্পীর সঙ্গে বাজিয়েছেন হানিফ ও পার্থ। তাদের দুঃখজনক মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশের এ প্রজন্মের গায়ক-গায়িকা। প্রয়াতদের আত্মার শান্তি কামনার পাশাপাশি আহতের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছেন সবাই।