প্রয়াত নাট্যজন ইশরাত নিশাতকে স্মরণ করে চালু হচ্ছে ‘নাট্য পুরস্কার’। প্রতি বছর ২০ জানুয়ারি ইশরাত নিশাতের প্রয়াণ দিবসে নাট্য প্রযোজনার ৮টি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হবে।
শনিবার রাজধানীর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে পুরস্কার বাস্তবায়ন কমিটির উদ্যোগে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এই পুরস্কারের উদ্দেশ্য হবে নিবেদিত মঞ্চাভিনেতাদের কাজের স্বীকৃতি দেওয়া ও অন্যান্যদের থিয়েটারে উৎসাহিত করা। দেশের নাট্য আন্দোলনকে বেগবান করতে সহায়তা করা। নিবেদিত ও দক্ষ নাট্যকর্মী তৈরিতে অবদান রাখা এবং থিয়েটারে পেশাদারি মনোভব তৈরিতে সহায়তা করা।
প্রতি বছর শ্রেষ্ঠ অভিনেতা-নারী, শ্রেষ্ঠ অভিনেতা-পুরুষ, শ্রেষ্ঠ নির্দেশক, শ্রেষ্ঠ নাট্যকার, শ্রেষ্ঠ মঞ্চসজ্জা, শ্রেষ্ঠ আবহ সংগীত, শ্রেষ্ঠ আলো পরিকল্পক, শ্রেষ্ঠ নাটক বিভাগে পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের প্রতিটির আর্থিক মূল্যমান হবে ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা; তবে শ্রেষ্ঠ প্রযোজনার আর্থিক মূল্য হবে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা। পুরস্কারের জন্য নির্বাচিত প্রত্যেককে একটি ক্রেস্ট ও একটি সনদ প্রদান করা হবে। ভবিষ্যতে আর্থিক সম্মাননার পরিমাণ বৃদ্ধি করাসহ যে কোনো ধরনের সম্মাননা যুক্ত করা যাবে। পর্যায়ক্রমে এই পুরস্কারের সংখ্যা ও মূল্যমান (যেমন, পোশাক, মেকআপ) বাড়ানো হবে বলেও বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে জানানো হয়। ইতিমধ্যে এ বছরের নতুন নাটকগুলো দেখা ও মূল্যায়নের কাজ শুরু হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ইশরাত নিশাত নাট্য পুরস্কার বাস্তবায়ন কমিটির সদস্য নাট্যজন ম. হামিদ, গোলাম কুদ্দুছ, মাসুম রেজা, কামাল আহমেদসহ ঢাকার বিভিন্ন থিয়েটার দলের নেতৃবৃন্দ।
এ সময় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে নাট্যজন ম. হামিদ এই পুরস্কারের জুরিবোর্ড সদস্যদের সকলের সাথে পরিচয় করিয়ে দেন। জুরিবোর্ড সদস্যবৃন্দ হলেন- প্রফেসর আব্দুল সেলিম (প্রধান), দেবপ্রসাদ দেবনাথ, ওয়াহিদা মল্লিক জলি, ড. ইউসুফ হাসান অর্ক, ড. কামালউদ্দিন কবির, মোহাম্মদ আলী হায়দার, ড. আইরিন পারভীন লোপা।
পুরস্কার প্রদানের জন্য ১৬ সদস্য বিশিষ্ট একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে যার মাধ্যমে পুরস্কার প্রদানের সামগ্রিক কর্মকাণ্ড পরিচালিত হবে। কমিটির নাম ‘ইশরাত নিশাত নাট্য পুরস্কার বাস্তবায়ন কমিটি’। বাস্তবায়ন কমিটির কাঠামো ও সদস্যরা হলেন ফেরদৌসী মজুমদার (চেয়ারম্যান), রামেন্দু মজুমদার, আতাউর রহমান, আসাদুজ্জামান নূর, মামুনুর রশীদ, ম. হামিদ, নাসির উদ্দিন ইউসুফ (কো-চেয়ারম্যান), সারা যাকের, লাকী ইনাম, লিয়াকত আলী লাকী, গোলাম কুদ্দুছ, তারিক আনাম খান, রোকেয়া রফিক বেবী, কামাল বায়েজীদ, মাসুম রেজা, কামাল আহমেদ।