নেপাল সফরের জন্য ফুটবলারদের ক্যাম্প শুরু

নেপালে আমন্ত্রণমূলক টুর্নামেন্টের জন্য প্রস্তুতি ক্যাম্প শুরু করল বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

শনিবার ছিল ফুটবলারদের রিপোর্টিং। ক্যাম্পে ডাক পাওয়া ৩১ জন খেলোয়াড়ের মধ্যে প্রথম দিন উপস্থিত ছিলেন ২৭ জন। কলকাতার মোহামেডানের হয়ে ভারতের লিগে খেলা জামাল ভূঁইয়া ছিলেন না। তিনি পরে যোগ দেবেন দলের সঙ্গে।

এ ছাড়া প্রথম দিন উপস্থিত ছিলেন না গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা, মিডফিল্ডার মো. আবদুল্লাহ ও গোলরক্ষক আনিসুর রহমান জিকো। এ তিন ফুটবলার রবিবার ক্যাম্পে যোগ দেবেন।

রবিবার অবশ্য দলের কোনো অনুশীলন নেই। টিম হোটেলে কেবল জিম ও সুইমিং করবেন ফুটবলাররা।

তিন জাতির টুর্নামেন্ট খেলতে বাংলাদেশ দলের নেপাল যাওয়ার কথা রয়েছে ১৮ বা ২০ মার্চ। বাংলাদেশ ও স্বাগতিক নেপাল ছাড়া তৃতীয় দলটি কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩।

প্রাথমিক সূচি অনুযায়ী ২৩ মার্চ প্রতিযোগিতার প্রথম ম্যাচ। পরের ম্যাচগুলো মাঠে গড়াবে ২৫, ২৭ এবং ২৯ তারিখে।

এবারের দলে বেশ কিছু নতুন মুখকে সুযোগ দিয়েছেন বাংলাদেশ কোচ জেমি ডে। বাদ পড়েছেন বেশ কিছু পুরোনো মুখ।