করোনার টিকা নিলেন ৮৬ হাজার ১৩২ জন

দেশে গতকাল শনিবার এক দিনে করোনাভাইরাসের টিকা নিয়েছে ৮৬ হজার ১৩২ জন। এরমধ্যে ৫১ হাজার ৪৩৫ জন পুরুষ ও ৩৪ হাজার ৬৯৭ জন নারী। কর্মসূচি শুরুর পর থেকে এখন পর্যন্ত করোনার টিকা নিয়েছেন ৪৩ লাখ ৪ হাজার ২৫৯ জন। এরমধ্যে পুরুষ ২৭ লাখ ৩৯ হাজার ৮৯৭ জন, নারী ১৫ লাখ ৬৪ হাজার ৩৬২ জন।

এখন পর্যন্ত টিকাগ্রহীতাদের মধ্যে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়ার তথ্য জানিয়েছেন ৮৮৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে মাত্র ৪ জনের। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে গত ৭ ফেব্রুয়ারি গণটিকাদান কার্যক্রম শুরু হয়। প্রথম দিকে টিকাগ্রহীতার সংখ্যা দৈনিক এক লাখের নিচে থাকলেও ১৪ তারিখের পর থেকে বাড়তে থাকে। ১৫ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত গড়ে দৈনিক টিকা নিয়েছে ২ লাখের বেশি মানুষ। ২৩ ফেব্রুয়ারির পর থেকে টিকা গ্রহীতার এ  সংখ্যা কমতে শুরু করে। গত ২৩ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত গড়ে দেড় লাখের কিছু বেশি মানুষ টিকা নিয়েছে। এরপর গত ২৭ তারিখ থেকে এই সংখ্যা অরও কমতে থাকে। চলতি মাসে দৈনিক টিকা গ্রহীতার সংখ্যা ১ লাখের নিচে নেমে আসে। 

গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের ৪৫টি হাসপাতালে টিকাদান কার্যক্রম চালু ছিল। সরকারি ছুটি থাকায় তিনটি কেন্দ্রে টিকাদান কর্মসূচি বন্ধ ছিল। ঢাকা মহানগরে ১৭ হাজার ৫৯১ জন টিকা নিয়েছেন। এর মধ্যে ১০ হাজার ৫২৪ জন পুরুষ ও ৭ হাজার ৬৭ জন নারী। এছাড়া ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ২৯ হাজার ২৩৬ জন, ময়মনসিংহ বিভাগে ৪ হাজার ২৭০ জন, চট্টগ্রাম বিভাগে ১৬ হাজার ১৬৯ জন, রাজশাহী বিভাগে ১০ হাজার ৭৮৫ জন, রংপুর বিভাগে ১০ হাজার ২০ জন, খুলনা বিভাগে ১০ হাজার ৬৪৭ জন, বরিশাল বিভাগে ২ হাজার ২১১ জন আর সিলেট বিভাগে ২ হাজার ৭৯৪ জন।