চাকরিজীবনের সমাপ্তি টানতে যাচ্ছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক মীর শহীদুল ইসলাম। আজ রবিবার তিনি অবসরে যাবেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় সব প্রস্তুতিও ইতিমধ্যে শেষ করা হয়েছে। তার জায়গায় এসবির প্রধান হিসেবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম প্রধান) মনিরুল ইসলাম দায়িত্ব পেতে যাচ্ছেন বলে আভাস পাওয়া গেছে।
জানা গেছে, এসবি প্রধান মীর শহীদুল ইসলাম ইতিমধ্যে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। এখন তার বদলে কে এসবি প্রধানের দায়িত্ব পাবেন তা নিয়ে পুলিশ কর্মকর্তাদের মধ্যে চলছে নানা আলোচনা। তবে ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম যে এসবি প্রধান হতে চলেছেন তা অনেকটাই নিশ্চিত। ইতিমধ্যে তার ব্যাপারে সরকারের উচ্চপর্যায় থেকে গ্রিন সিগন্যাল মিলেছে বলে জানা গেছে। তবে এসবি প্রধান পদে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি রুহুল আমিন ও অতিরিক্ত আইজিপি ইব্রাহিম ফাতেমীর নামও আলোচিত হচ্ছে পুলিশ প্রশাসনে। কিন্তু তাদের নিয়োগ পাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ বলে অনেকে মনে করছেন।
সরকারের কয়েকটি সূত্র গতকাল দেশ রূপান্তরকে জানিয়েছে, এসবি প্রধান হওয়ার তালিকায় এগিয়ে আছেন মনিরুল ইসলাম। তাকে চলতি দায়িত্ব দেওয়া হবে। কারণ ওই পদটি অতিরিক্ত আইজিপি পদমর্যাদা এবং প্রথম গ্রেডের (সচিব পদমর্যাদা)। মনিরুল ইসলাম ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা হওয়ায় তাকে চলতি দায়িত্ব দেওয়া হবে। এরপর চলতি বছরের যেকোনো সময় তাকে অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি দেওয়া হতে পারে।
সরকারের ওই সূত্রগুলো বলছে, এসবি প্রধানের পদটি খুবই গুরুত্বপূর্ণ হওয়ায় সরকারের হাইকমান্ড যাচাই-বাছাই করেই নিয়োগ দিচ্ছে। এজন্য এক্ষেত্রে মনিরুল ইসলামই এগিয়ে আছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এসবি প্রধান নিয়োগ সংক্রান্ত একটি সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী স্বাক্ষর করলে আজ রবিবার মন্ত্রণালয় তা প্রজ্ঞাপন আকারে জারি করবে।
তারা আরও জানান, আজ এসবি প্রধান মীর শহিদুল ইসলাম চাকরিজীবন শেষে অবসরে যাবেন। তার অবসরসংক্রান্ত একটি প্রজ্ঞাপনও অনুমোদন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার শহীদুল ইসলাম প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। পরে ওই দিন বিকালেই সম্ভাব্য পরবর্তী উত্তরসূরি মনিরুল ইসলামকে নিজ অফিসে আমন্ত্রণ করে এসবির বিশেষায়িত কাজ সম্পর্কে ব্রিফিং করেন।
পুলিশের ১৫তম বিসিএস কর্মকর্তা মনিরুল ইসলাম ২০০৯ সালে উপ-কমিশনার (গোয়েদা, দক্ষিণ) হিসেবে ডিএমপিতে যোগ দেন। এরপর যুগ্ম কমিশনার ও অতিরিক্ত কমিশনার হিসেবে ডিএমপিতে চাকরি করেন। জঙ্গিবাদ দমনে তার ভূমিকা প্রশংসা পেয়েছে। আজ প্রজ্ঞাপন জারি হলে তিনিই হবেন এসবির পরবর্তী প্রধান।
সংশ্লিষ্টরা দেশ রূপান্তরকে জানায়, অতিরিক্ত আইজিপি মীর শহীদুল ইসলাম পুলিশের দক্ষ ও সৎ কর্মকর্তা হিসেবে পরিচিত। ১৯৮৬ সালে বিসিএস ৮ম ব্যাচের এই কর্মকর্তা ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর পুলিশে যোগ দেন। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়। কর্মজীবনে তিনি কুমিল্লা, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাছাড়া বাগেরহাট, যশোর, নাটোর ও রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) ও পুলিশ সদর দপ্তরসহ পুলিশের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পুলিশ বিভাগে তার অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পুলিশ পদক বিপিএম এবং রাষ্ট্রপতি পদক পিপিএম লাভ করেন।