সরকারি হাসপাতালে অক্সিজেন ঘাটতিজনিত সংকটে কয়েক রোগীর মৃত্যুর পর পদত্যাগ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী নাথির ওবিদাত। গতকাল শনিবার ভোররাতে এক ঘণ্টার অক্সিজেন সংকটে ছয় রোগী মারা যাওয়ার জেরে দেশটির প্রধানমন্ত্রী বিশের আল খাসাওনেহের নির্দেশে পদত্যাগ করেন তিনি। প্রধানমন্ত্রী খাসাওনেহ ঘটনার পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছেন।
সরকারের এক মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছেন, শনিবার স্থানীয় সময় ভোররাতে রাজধানী আম্মানের পাশের সল্ট শহরের নিউ সল্ট সরকারি হাসপাতালে অক্সিজেন বিভ্রাটের ওই ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টার বিভ্রাটে হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্র, প্রসূতি বিভাগ ও করোনাভাইরাস ওয়ার্ডে অক্সিজেন সংকটে ছয় রোগী মারা যায়। সকালে এক বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রী নাথির ওবিদাত এ ঘটনায় নিজের ‘নৈতিক দায়’ স্বীকার করে সরকারি কৌঁসুলিরা ঘটনাটি খতিয়ে দেখছে বলে জানান ।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, রোগীর ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালটির সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পুলিশ ও নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের হাতাহাতিও হয়। এসব ঘটনার জেরে প্রধানমন্ত্রী খাসাওনেহ স্বাস্থ্যমন্ত্রী ওবিদাতকে পদত্যাগ করতে বলেন। একই সঙ্গে ঘটনার পূর্ণ তদন্তের নির্দেশ দেন। পরে জর্ডানের রাজা আব্দুল্লাহও হাসপাতালটি পরিদর্শন করেন। ঘটনার নিন্দা জানিয়ে হাসপাতালের পরিচালককে বরখাস্তের নির্দেশ দেন তিনি।
করোনাভাইরাসের যুক্তরাজ্য ধরনটির কারণে জর্ডানে সংক্রমণ হঠাৎই বাড়তে শুরু করেছে। গত শুক্রবার থেকে সেখানে ফের পূর্ণ লকডাউন জারি করা হয়। বৃহস্পতিবার সেখানে ৮ হাজার ৩০০ নতুন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়। দেশটিতে এ পর্যন্ত সাড়ে ৪ লাখ করোনা রোগী শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছে ৫ হাজারের বেশি মানুষ।