সামনের বছরই ১০ দলের আইপিএল, নিলাম মে মাসে

আইপিএল ২০২২-এ আরও দুটি দল বাড়ছে। তাতে মোট দল হবে দশটি। নতুন দুই দলের নাম জানা যাবে মে মাসে।

ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, মে মাসে নিলাম হবে নতুন ২ দল বেছে নেওয়ার জন্য।

শনিবার বোর্ডের বৈঠকে উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলি, জয় শাহরা। তাদের উপস্থিতিতেই সিদ্ধান্ত নেওয়া হয় মে মাসে হবে নিলাম। আইপিএল ২০২১-এর শেষ পর্ব চলবে সেই সময়।

বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘পরের বছর থেকেই ১০ দলের আইপিএল। নিলাম এবং আনুষঙ্গিক সব কাজ মে মাসের মধ্যেই শেষ করা হবে।’

পরের আইপিএলের আগে নতুন ২ দল যাতে যথেষ্ট সময় পায়, সেই জন্যই মে মাসের মধ্যে সবকিছু স্থির করতে চাইছে বোর্ড। ১০ দলের আইপিএল আরও আকর্ষণীয় হবে বলেই মনে করছে বিসিসিআই। আরও বেশি সংখ্যক ক্রিকেটার নিজেদের মেলে ধরার সুযোগ পাবে।

৯ এপ্রিল থেকে শুরু হবে এ বারের আইপিএল। রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স এবং বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে প্রথম ম্যাচ। ফাইনাল হবে ৩০ মে।