লন্ডনে পুলিশ সদস্যের হাতে সারাহ ইভারার্ড নামে এক নারী খুন হওয়ার ঘটনায় ন্যায়বিচার দাবিতে বিক্ষোভ করতে রাস্তায় নেমেছেন ব্রিটিশ নাগরিকরা। করোনার বিধিনিষেধ উপেক্ষা করেই গত শনিবার ক্লেপহাম কমনে সহস্রাধিক মানুষ পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছেন। রয়টার্স জানিয়েছে, এদিন বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
বন্ধুর বাড়ি যাওয়ার পথে গত ৩ মার্চ নিখোঁজ হন ৩৩ বছর বয়সী সারাহ ইভারার্ড। তাকে সর্বশেষ দক্ষিণ লন্ডনের ক্লেপহাম কমনে দেখা গিয়েছিল। পুলিশ গত বুধবার তল্লাশি চালিয়ে দক্ষিণ-পূর্ব লন্ডন থেকে ৫০ মাইল দূরে উডল্যান্ড থেকে সারাহ ইভারার্ডের মরদেহ উদ্ধার করে। এরই মধ্যে লন্ডনের এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওই তরুণীকে অপহরণ ও হত্যার দায়ে অভিযোগ গঠন করা হয়েছে। এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে লন্ডনের রাস্তায় রাতে নারীদের একা চলাচলের নিরাপত্তা দিতে পুলিশের ব্যর্থতা নিয়ে।