যুক্তরাজ্যে করোনাভাইরাস লকডাউন জারির এক বছর হবে ২৩ মার্চ। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হলে একটি ব্রিটিশ পরিবারের সদস্যরা সারা বছরজুড়েই বিভিন্ন উপসর্গে ভুগেছেন। করোনায় আক্রান্ত হওয়ার যন্ত্রণা তাদের পুরো বছর ধরে সইতে হয়েছে বলে জানিয়েছে স্কাই নিউজ।
মাউন্টফোর্ড-হিলস এলাকায় বাস করেন চার্লি (৩৭) ও তার স্বামী জেড (৪১)। তাদের রয়েছে পাঁচ সন্তান নিকো (১৫), বেক (১২), ইন্ডিয়ানা (১০), এমেট (৮) এবং মিমি (৫)। গত বছর মার্চে তারা সবাই করোনাভাইরাসে আক্রান্ত হন। কিন্তু আজ পর্যন্ত সবাই, বিশেষ করে শিশুরা এখনো ভুগছে।
চার্লি বলেছেন, অনেক উপসর্গ এখনো রয়েছে। এগুলোর মধ্যে আছে মাথাব্যথা, চোখে জ্বালাতন, নাক দিয়ে রক্ত পড়া, শরীরে র্যাশ, পেটব্যথা, গ্যাস্ট্রিকের সমস্যা, অ্যালার্জি প্রতিক্রিয়া, হাত ঘামা এবং পা ও মুখে আলসার। চার্লির ভাষায়, সুস্থ হওয়ার পর অনেক দিন কেটে গেছে। কেউ বিশ্বাস করতে চাইবে না যে এসব উপসর্গ করোনায় আক্রান্ত হওয়ার সঙ্গে সম্পর্কিত। এমেট জানায়, রাতে তার ঘুম হয় না। নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তাই বারবার ঘুম থেকে জেগে ওঠে এবং বেশি অক্সিজেন নিতে লম্বা নিঃশ্বাস নেয়। ইন্ডিয়ানা বলে, যখন আমি শরীরচর্চা করি তখন আমার শ্বাসকষ্ট হয়। নিঃশ্বাস নিতে আমাকে সমস্যায় পড়তে হয়। আমি বেশিক্ষণ দৌড়াতে বা দীর্ঘক্ষণ খেলতে পারি না।