উখিয়ায় ‘অটোরিকশা চালক অপহরণকারী’ চার রোহিঙ্গা আটক

যাত্রীবেশে সিএনজি অটোরিকশা চালককে অপহরণ করে লাখ টাকা মুক্তিপণ দাবি করা চার রোহিঙ্গা যুবককে ঘেরাও করে আটক করেছে স্থানীয় লোকজন।

রবিবার রাতে জনতার অভিযানে সিএনজি ও চালককে উদ্ধারপূর্বক চার রোহিঙ্গাকে উখিয়া থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।

উখিয়ার পালংখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল হক বলেন, রবিবার বিকেল ৪টার দিকে ৫/৬ জনের একদল রোহিঙ্গা টেকনাফের শামলাপুর হতে পালংখালী আসার জন্য একটি সিএনজি ভাড়া করে। সন্ধ্যা নাগাদ তারা উখিয়ার পশ্চিম পালংখালী পাহাড়ি ঢালায় পৌঁছে।

উক্ত স্থানে নেমে যাওয়ার কথা বলে সিএনজি দাঁড় করিয়ে চালক টেকনাফের বাহারছড়া গ্রামের শেখ আহমদের ছেলে মো. আজিজকে (২৮) অপহরণ করে নিয়ে গিয়ে আটকিয়ে রাখে। সেখানে আগে থেকে আরও কয়েকজন রোহিঙ্গা ওৎপেতে ছিল।

অপহরণকারী রোহিঙ্গারা ফোনে সিএনজি চালকের বাবার কাছে এক লাখ বিশ হাজার টাকা মুক্তিপণ দাবি করে বলে মেম্বার জানান।

ঘটনা জানাজানি হলে স্থানীয় নুরুল হক মেম্বার লোকজন নিয়ে অভিযান চালিয়ে চার রোহিঙ্গাকে আটক করেন।

আটকরা হলেন- উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ফয়েজ আহমদের ছেলে নাসির উদ্দীন, নুরুল আলমের ছেলে ছৈয়দ আকবর প্রকাশ হারেছ, আব্দুলের ছেলে আবদুর রহমান ও টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের আবু তাহের ছেলে মো. ইব্রাহীম।

পরে আটকদের স্থানীয় চেয়ারম্যানের কাছ সোপর্দ করেন। রবিবার আটক চার রোহিঙ্গা, সিএনজির ড্রাইভারকে হস্তান্তর করেন।

এ ব্যাপারে উখিয়ার সীমান্ত ইউনিয়ন পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দীন চৌধুরী বলেন, স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় চার রোহিঙ্গাকে আটক করা হয়। পরে আটকদের উখিয়া থানায় সোপর্দ করা হয়।

উখিয়া থানার উপপরিদর্শক মনিরুল বলেন, এখনো পর্যন্ত মামলা হয়নি।