আলীরাজ। একনামেই পরিচিত তিনি। বাচ্চা থেকে বৃদ্ধ- সবার প্রিয় আলীরাজের আজ জন্মদিন। ৬৩ পেরিয়ে ৬৪তে পা রাখলেন এই বর্ষীয়ান অভিনেতা। দুইবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গুণী অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতেই হাসি উপহার দিয়ে বিগলিত ভঙ্গিতে বললেন, ‘করোনা তো বেড়ে গেছে। ঘর থেকে তেমন বের হই না। তারপরও বাসায় সবাই মিলে কেক কাটলাম। স্ত্রী ও পরিবারের সবাই মিলে রাত ১২টায় রীতিমতো আমাকে সারপ্রাইজ দিয়েছে। এসবের আমি কিছুই জানতাম না।’
জন্মদিনে ভক্ত, সহকর্মীসহ কাছের মানুষদের প্রচুর শুভেচ্ছা পাচ্ছেন জানিয়ে আলীরাজ বলেন, ‘সিনেমার মানুষেরা, আমার কাছের মানুষেরা, ভক্তরা সবাই আমাকে যেভাবে ভালোবাসা উপহার দিচ্ছে তাতে আমি আবেগাপ্লুত। আমি সবার কাছে কৃতজ্ঞ, তাদের এত ভালোবাসা কোথায় রাখব, সেই ভালোবাসার মূল্য কীভাবে দেব? বুঝতে পারি না। যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন তাদের সবার জন্য শুভ কামনা।’
নিজের বয়স বাড়ার বিষয়ে তিনি বলেন, ‘এবার ৬৪ তে পড়লাম। কিন্তু আমার যে বয়স বাড়ছে, এটা মনেই হয় না। গ্রামে গেলে আমার বন্ধু বান্ধবদের দেখলে আমি অবাক হই। এরা এত বুড়া হইল কেমনে! তো সেই জায়গা থেকে মানসিকভাবে নিজেকে তরুণই মনে করি। সবাই দোয়া করবেন যেন সুস্থ সবলভাবে কাজের ভেতর দিয়ে যেন বেঁচে থাকতে পারি।’
জানালেন সম্প্রতি করোনার প্রথম ডোজের টিকা নিয়েছেন তিনি। আলীরাজ বলেন, ‘করোনার প্রথম ডোজ টিকা নিয়েছি। কারণ শুটিংয়ে তো প্রচুর মানুষের সঙ্গে মিশতে হয়। আর আমি মনে করি মহামারির হাত থেকে বাঁচতে সবারই করোনার টিকা নেওয়া উচিত।’
এদিকে বেশ কিছু সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন আলীরাজ। পাশাপাশি নাটকেও কাজ করছেন। অসংখ্য কাজ করলেও কোথাও যেন একটা আক্ষেপ রয়ে গেল আলীরাজের মনে। কিছুটা খেদ নিয়েই জানালেন, ‘ইদানীং পরিচালক প্রযোজকেরা চরিত্রের সঙ্গে মানানসই শিল্পী বেছে নিচ্ছেন না। চরিত্রের সঙ্গে আর্টিস্টের মেলবন্ধন না হলে চরিত্রটি পর্দায় ফুটে উঠে না। পরিচালক-প্রযোজকদের এই বিষয়টা নিয়ে আরও ভাবতে হবে।’
গত বছর এই অভিনেতা ফিরেছেন বিটিভির নাটকেও। প্রায় ৩৬ বছর পর বিটিভির নাটকে ফেরার আবেগটা এখনো তাজা রয়েই গেছে। আলীরাজ বলেন, ‘বিটিভির নাটক দিয়েই আমার শোবিজে যাত্রা শুরু। ডব্লিউ আনোয়ার থেকে আজ আলীরাজ হতে পেরেছি বিটিভিতে কাজ করার ফলেই। ৩৬ বছর পর আবারও বিটিভির নাটকে ফিরতে পেরে খুব ভালো লাগছে।’
সর্বশেষ ১৯৮৪ সালে বিটিভিতে প্রচারিত হয়েছিল আলীরাজ অভিনীত ‘ঢাকাই থাকি’ ধারাবাহিক নাটক। ৩৬ বছর পর ২০২০ থেকে আবারও বিটিভিতে প্রচারিত হচ্ছে তার অভিনীত নাটক ‘পিছুটান’। এটি পরিচালনা করেছেন জাহিদ হাসান।