নেপালে তিন জাতির আমন্ত্রণমূলক টুর্নামেন্টকে সামনে রেখে অনুশীলন শুরু করল বাংলাদেশ দল। সোমবার দুই বেলা অনুশীলন করে জেমি ডের শিষ্যরা।
স্কোয়াডে নতুন যারা সুযোগ পেয়েছেন, প্রথম দিনের অনুশীলনে তারা খুশি করতে পেরেছেন কোচকে। ইংলিশ কোচ জেমি, নতুনদের জন্য বড় সুযোগের ক্ষেত্রও তৈরি করতে চাচ্ছেন। উন্মুক্ত রাখছেন বিশ্বকাপ বাছাইয়ের দুয়ারও।
১৮ মার্চ নেপালের উদ্দেশ্যে রওনা দেবে দল। অর্থাৎ প্রস্তুতির জন্য খুব বেশি সময় হাতে নেই। তবে এই অল্প সময়ে দলের মধ্যে বোঝাপড়া তৈরি হয়ে যাবে বলেও বিশ্বাস জেমির।
প্রথম দিনের অনুশীলনে নতুনদের নিয়ে বললেন, ‘নতুন ও তরুণ খেলোয়াড়দের দেখে ও তাদের সঙ্গে কাজ করে ভালো লাগল। টেকনিক্যালিও তারা আজ ভালো করেছে। আশা করি, তারা বাকিদের সঙ্গে ভালোভাবেই মানিয়ে নেবে।’
নেপালের এই টুর্নামেন্টের জন্য ২৪ জনের স্কোয়াডে নতুন ৫জনকে সুযোগ দিয়েছেন জেমি ডে। তারা হলেন- রিমন হোসেন, মোহাম্মদ ইমন, মেহেদী হাসান, মেহেদী হাসান রয়েল ও ডিফেন্ডার হাবিবুর রহমান সোহাগ।
এ ছাড়া মিতুল মারমা, মোহাম্মদ আতিকুজ্জামান, আবু শাইদ, রহিম উদ্দিন, ইমরান হাসান রিমন, ফয়সাল আহমেদ ফাহিম ও মোহাম্মদ জুয়েল- এই ৭ জনকে রেখেছেন স্ট্যান্ডবাই হিসেবে।
জেমি জানালেন, নেপালে অন্তত একটি ম্যাচে নতুনদের সুযোগ দিতে চান তিনি। বলেন, ‘নেপালে একটি ম্যাচে খেলবে নতুনরা। তাতে অনুশীলন ও ম্যাচে তাদের ভালোভাবে দেখার সুযোগ মিলবে।’
জেমির পরের কথাটি নিশ্চিতভাবে প্রেরণা হবে নতুনদের জন্য, ‘যদি তারা আন্তর্জাতিক পর্যায়ে আসতে পারে, তাহলে জুনের বাছাইয়ের জন্য বিবেচিত হতে পারে।’
২৩ থেকে ২৯ মার্চ কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে তিন জাতির টুর্নামেন্টটি। স্বাগতিক নেপাল ও বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে তৃতীয় দল হিসেবে খেলবে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দল।