মোদিকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না: বাবুনগরী

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনায়েদ আহমদ বাবুনগরী বলেন, ভারতের নরেন্দ্র মোদি বাংলাদেশে আসতে পারবে না। মোদি ইসলাম ধর্মকে ধংস করতে চায়। তাই আজকে লক্ষাধিক মানুষের সামনে বলে দিতে চাই যে কোনো কারণবশত যদি মোদি বাংলাদেশে আসার চেষ্টা করে, তাহলে দেশের ১৬ কোটি মুসলমান চুপ করে বসে থাকবে না, কাফনের কাপড় নিয়ে শাপলা চত্বরে কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা করব।

তিনি বলেন, মোদি গুজরাটে, আহমদাবাদে মুসলমানদের কচুকাটা করেছে। এমনকি ভারতের অনেক প্রাচীন মসজিদ ভেঙে ফেলেছে। মোদি যদি সারা বিশ্বের মুসলমানদের কাছে ক্ষমা না চায়, তাহলে মোদি কোনদিন বাংলাদেশে আসতে পারবে না।

তিনি আরো বলেন, বর্তমানে বাংলাদেশসহ সারা বিশ্বে ইসলামকে নির্মূল করার জন্য একটি কুচক্রী মহল উঠেপড়ে লেগেছে। আমরা তাদের বলে দিতে চাই যারা ইসলামকে ধংস করতে চায়, নির্মূল করতে চায় তারাই ধংস হয়ে যাবে।

সোমবার বিকালে হেফাজত ইসলাম দিরাই উপজেলা শাখার উদ্যোগে দিরাই পৌর এলাকার স্টেডিয়াম মাঠে শানে রিসালাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর নুরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব জুনাইদ আল-হাবিব, যুগ্ম মহাসচিব মামুনুল হক, যুগ্ম মহাসচিব নাছির উদ্দিন মুনিরসহ হেফাজতের কেন্দ্রীয় নেতারা। 

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব আল্লামা মামুনুল হক বলেন, বাংলাদেশের স্বাধীনতা আর ইসলাম একটার সঙ্গে আরেকটা জড়িয়ে আছে। বাংলাদেশে ইসলাম বিপন্ন হলে স্বাধীনতা বিপন্ন হবে।