দুজনের মৃত্যুদন্ড, ১৫ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জের কটিয়াদীতে কৃষক হত্যা মামলার রায়ে দুজনকে মৃত্যুদন্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। জয়পুরহাটের ক্ষেতলাল ও কালাইয়ে পৃথক ধর্ষণ, ধর্ষণ চেষ্টা ও অপহরণের মামলায় দুই তরুণকে দেওয়া হয়েছে যাবজ্জীবন ও দশ বছরের কারাদন্ড। এছাড়া, জামালপুরের ইসলামপুরে শিশুকে ধর্ষণের দায়ে মক্তবের শিক্ষককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। প্রতিনিধিদের পাঠানো খবর:

কিশোরগঞ্জ : কটিয়াদীতে কৃষক তাজুল ইসলামকে হত্যার দায়ে দুজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। সাজাপ্রাপ্ত সব আসামিকে এক লাখ টাকা করে আর্থিক দন্ডও দেওয়া হয়েছে। কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহিম গতকাল সোমবার এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদন্ডপ্রাপ্ত দুই আসামি হলেন সাইকুল ইসলাম ও গোলাপ মিয়া। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্তরা হলেন মো. সাইদু, আবদুল হামিদ, আবদুর রহিম, বাদল মিয়া,  মোস্তফা, মিজান, সুলতান, রায়হান, হাবিব, ফারুক, জলে বেগম, আনিসা বেগম ও হেনা বেগম। মামলার বিবরণে জানা গেছে, উপজেলার নোয়াগাঁওয়ের কৃষক তাজুল ইসলামের সঙ্গে একই এলাকার সাইকুল ইসলামদের জমি নিয়ে বিরোধ ছিল। এ বিরোধের জের ধরে ২০১১ সালের ১ জানুয়ারি দুপুরে বাড়ির পাশের জমিতে তাজুল ইসলামের ওপর হামলা করেন আসামিরা। এ সময় ছুরিকাঘাত ও পিটুনিতে ঘটনাস্থলে মারা যান তাজুল।

জয়পুরহাট : শিশুকে অপহরণ ও ধর্ষণের দায়ে জহুরুল ইসলাম (৩৭) নামে এক তরুণকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। গত রবিবার জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রুস্তম আলী এ রায় দেন। এ সময় তিনি আসামিকে মামলার বাদীকে এক লাখ টাকা জরিমানা দেওয়ারও আদেশ দেন।

২০০৫ সালের ১২ মে ক্ষেতলাল উপজেলার এক গ্রামে ওই শিশুকে জহুরুল ইসলাম অপহরণের পর তাকে ধর্ষণ করে।

অপরদিকে, ২০১২ সালের ১৩ মার্চ কালাই উপজেলার এক গ্রামে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার দায়ে আরিফুল ইসলাম (৩৪) নামে এক তরুণকে ১০ বছরের কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। গতকাল সোমবার জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রুস্তম আলী এ রায় দেন। এছাড়াও আসামিকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ড দেওয়া হয়।

জামালপুর : জামালপুরে সাত বছরের শিশুকে ধর্ষণের দায়ে মক্তব শিক্ষককে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। গতকাল সোমবার দুপুরে বিচারক এম আলী আহমেদ এই রায় দেন।   

২০১৮ সালের ১৮ নভেম্বর সকালে ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের সাহার আলীর ছেলে স্থানীয় মক্তব শিক্ষক হাফেজ সাইফুল ইসলাম তারই মক্তবে পড়য়া সাত বছরের এক শিশুকে ঘর পরিষ্কার করার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করেন।