সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণকাজ শেষ না হওয়ায় ও বাঁধের কাজে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
গতকাল সোমবার দুপুরে শহরে আলফাত স্কয়ারে হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির কথা তুলে ধরে বলেন, ২৮ ফেব্রুয়ারির মধ্যে হাওরের সব বাঁধের কাজ শেষ করার কথা থাকলেও দ্বিতীয় মেয়াদে ১৫ মার্চ পর্যন্ত সময় বাড়ালেও এখনো অনেক হাওরের বাঁধ নির্মাণের কাজ শুরুই হয়নি। এ ছাড়া হাওরের ঝুঁকিপূর্ণ ক্লোজারগুলো বন্ধ করা হয়নি। হাওরের বাঁধগুলোর কাজ এখনো ৫০ ভাগ সম্পন্ন করা হয়নি। এভাবে চলতে থাকলে আগাম বন্যায় সুনামগঞ্জের হাওরের বোরো ফসল ক্ষতিগ্রস্ত হবে।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুক্তিযোদ্ধা আবু সুফিয়ানসহ বিজন সেন রায়, শীলা রায়, নির্মল ভট্টাচার্য ও এ কে কুদরত পাশা, ফজলুল করিম প্রমুখ।