নবীগঞ্জে চাল আত্মসাৎ

ইউপি চেয়ারম্যানকে বরখাস্তের আদেশ সুপ্রিম কোর্টে বহাল

হবিগঞ্জের নবীগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২২৯ জন সুবিধাভোগীর চাল আত্মসাতের অভিযোগে গজনাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলের বরখাস্তের আদেশ বহাল রেখে পূর্ণাঙ্গ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।

গতকাল সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আইনজীবী শেখ শফিক মাহমুদ পুষ্প বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খাদ্যবান্ধব কর্মসূচির ২২৯ জন সুবিধাভোগীর চাল আত্মসাতের দায়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় ইউপি চেয়ারম্যান মুকুলকে বরখাস্ত করার আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। ফলে মুকুলের পক্ষে  গজনাইপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে পুনর্বহালের আর কোনো সুযোগ রইল না।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালে করোনাকালে খাদ্যবান্ধব কর্মসূচির ২২৯ জন সুবিধাভোগীর চাল আত্মসাতের দায়ে মুকুলকে গত ৭ জুলাই বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ওই আদেশের বিরুদ্ধে মুকুল রিট আবেদন করলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরখাস্তের আদেশটি স্থগিত করেন হাইকোর্ট। পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ বিষয়ে শুনানি শেষে গত রবিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরখাস্তের নির্দেশটি বহাল রাখার আদেশ দেওয়া হয়। 

মুকুলের চাল আত্মসাৎসংক্রান্ত সংবাদ গত ১৯ জুন, ১৫ ও ১৮ জুলাই দেশ রূপান্তরে ছাপা হয়।