সূর্যমুখী বনে রোমান্সে মেতেছেন পরী মনি ও শ্যামল মাওলা। সেই গানটি প্রকাশ হয়েছে ইউটিউবে।
তৌকীর আহমেদের ‘স্ফুলিঙ্গ’ নামের ছবিতে জুটি হয়েছেন দুই পর্দার জনপ্রিয় তারকা।
জানি না এ মন দিয়েছি কখন, জানি না তোমার হয়েছি কখন জানি না জানি না জানি না— এমন কথার গানটির শিরোনাম ‘বুঝি না’। নিজের কথায় সুর করেছেন পিন্টু ঘোষ। সংগীতায়োজনে আরও আছেন রোকন ইমন। আর পিন্টুর সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন সুকণ্যা মজুমদার ঘোষ।
তরুণদের ব্যান্ড সংগীত চর্চাকে কেন্দ্র করে ‘স্ফুলিঙ্গ’-এর গল্প গড়ে উঠেছে। এতে বেশ কিছু শ্রুতিমধুর গান থাকবে বলে আগেই জানিয়েছেন নির্মাতা তৌকীর। সদ্য প্রকাশিত গানে এর প্রমাণ মিলল আবারও।
এ সিনেমার গল্পে স্বাধীনতার চেতনার আবহ রয়েছে। বিষয়টি উল্লেখ করে তৌকীর আহমেদ বলেন, “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সিনেমাটি নির্মিত হয়েছে। তাই সিনেমায় রয়েছে মুক্তিযুদ্ধ, স্বাধীনতার চেতনার আবহ।”
পরী-শ্যামল ছাড়াও এ সিনেমায় আরও অভিনয় করেছেন রওনক হাসান ও জাকিয়া বারী মম। আছেন আবুল হায়াত, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, শহীদুল আলম সাচ্চু প্রমুখ।
সম্প্রতি ‘স্ফুলিঙ্গ’ বিনা কর্তনে সেন্সর পেয়েছে, মুক্তি পাবে ১৯ মার্চ।