জামালপুরে সদর সাব-রেজিস্ট্রার অফিস, এজলাসকক্ষ, রেকর্ডরুম ও খাসকামরা, আলমিরা ও লকারের তালা ভাঙচুর, দলিলপত্রসহ বিভিন্ন নথি তছনছের ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে একটি সংঘবদ্ধ দল এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গতকাল মঙ্গলবার দুপুরে অতিরিক্ত দায়িত্বে থাকা জামালপুর সদর সাব-রেজিস্ট্রার মো. মাহবুব হোসেন জানান, জেলা রেজিস্ট্রার অফিসের দোতলা ভবনের নিচতলায় জামালপুর সদর সাব-রেজিস্ট্রার অফিস। সোমবার রাতে সদর সাব-রেজিস্ট্রারের এজলাসের পেছনের জানালার গ্রিল কেটে দুর্বৃত্তরা ঢুকে এজলাস, অফিসকক্ষ ও খাসকামরার ৩০টি আলমিরা ও লকারের তালা ভেঙে ফেলে এবং গুরুত্বপূর্ণ দলিল ও নথিপত্র তছনছ করে। এছাড়া রেকর্ডরুমের তালা ভেঙে অনেক রেকর্ড তছনছ করেছে। তবে কোনো কিছু খোয়া গেছে কি না তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। জেলা রেজিস্ট্রার মো. জহুরুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, পুলিশকে জানানো হয়েছে। পুলিশ নৈশ্যপ্রহরীকে জিজ্ঞাসাবাদ করছে।