পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী

শারীরিক প্রতিবন্ধকতা জীবন জয়ের প্রতিবন্ধকতা নয়

শারীরিক প্রতিবন্ধকতা জীবন জয়ের প্রতিবন্ধকতা নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবি ব্যাংক আয়োজিত অটিস্টিক শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সম্প্রচারমন্ত্রী বলেন, ‘আমরা যদি তেমন শিশু-কিশোরকে ঠিকভাবে লালন করতে পারি, তার পরিচর্যা করতে পারি সেও বিশ্বটাকে কাঁপিয়ে দিতে পারে। দেশের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য তারাও অনেক সম্মান বয়ে নিয়ে আসতে পারে, ইতিহাস সেটিই প্রমাণ করে।’

তিনি আরও বলেন, ‘আজ আমাদের কেউ আর দরিদ্র বলে অবজ্ঞা করতে পারবে না। পৃথিবীর অন্যতম দরিদ্র দেশ হিসেবে শিরোনামও লিখতে পারবে না। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আমরা জাতিসংঘ কর্র্তৃক ফাইনাল রিকমেন্ডেশন পেয়েছি ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবার মিলিত রক্তস্রোতের বিনিময়ে অর্জিত বঙ্গবন্ধুর স্বপ্নলালিত আমাদের বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ।’