আগুনে প্রাণ গেল ঘুমন্ত ৩ ভাইবোনের

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় তিন ভাইবোনের মৃত্যু হয়েছে। গত সোমবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের সাবানঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো ওই গ্রামের জাকের হোসেন মিস্ত্রির ছেলে জাহেদুল ইসলাম (১২) এবং দুই মেয়ে মীম আক্তার (১০) ও মিতু মণি (৮)।

স্বজন, পুলিশ ও স্থানীয়রা জানান রাতের খাবার খেয়ে জাকের হোসেনের তিন ছেলেমেয়ে সেমিপাকা বাড়ির একটি কক্ষে ঘুমিয়ে পড়ে। আরেক সন্তান নিয়ে মা অন্য কক্ষে ঘুমান। হঠাৎ আগুন দেখে মা সঙ্গে থাকা সন্তান নিয়ে বের হন। কিন্তু ওই কক্ষের চারদিকে আগুন  থাকায় তিন ভাইবোনকে উদ্ধার করা সম্ভব হয়নি। দুর্গম এলাকা হওয়ায় ফায়ার সার্ভিস কর্মীদের যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন তারা।

হারবাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরানুল ইসলাম জানান, তিন শিশুর মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের জানান, খবর পেয়ে হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহতাব উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে প্রশাসনের সহায়তায় তিন শিশুকে দাফন করা হয়।