বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে যোগ দিতে এবং দুই দেশের সম্পর্কোন্নয়নে তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এরপর মালদ্বীপ প্রেসিডেন্টকে গার্ড অব অনার দেয় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। জানানো হয় লালগালিচা সংবর্ধনা।
বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকীর দিনে জাতীয় পর্যায়ে ১০ দিনের অনুষ্ঠানমালা শুরু হচ্ছে আজ। বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ সশরীরে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানের ভিডিওবার্তা প্রদর্শিত হবে। উপস্থিত অতিথি হিসেবে বক্তব্য দেবেন মালদ্বীপের প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সলিহর এটা প্রথম বাংলাদেশ সফর।
সফরসূচি অনুযায়ী মালদ্বীপের প্রেসিডেন্ট বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে বাংলাদেশ রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ইব্রাহিম মোহামেদ সলিহ বঙ্গভবনে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করবেন। এ সময় দুই রাষ্ট্রপ্রধানের উপস্থিতিতে কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের কথা রয়েছে।
মালদ্বীপের প্রেসিডেন্ট বঙ্গভবনের দরবার হল গ্রাউন্ডে রাষ্ট্রপতি আয়োজিত এক নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন।