দ. আফ্রিকা সফরের আগে পাকিস্তানের এক খেলোয়াড়ের করোনা

দক্ষিণ আফ্রিকা সফরের আগে পাকিস্তান স্কোয়াডের এক খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, মঙ্গলবার ৩৫ জনের করোনা পরীক্ষার নমুনা নেওয়া হয়। একজন খেলোয়াড় ছাড়া বাকি সবার ফল নেগেটিভ এসেছে।

আক্রান্ত খেলোয়াড়ের নাম প্রকাশ করা হয়নি। তবে পিসিবি জানিয়েছে, বৃহস্পতিবার আবার করোনা পরীক্ষা করানো হবে তাকে। ফল নেগেটিভ এলেই কেবল দলের সঙ্গে লাহোরে যেতে পারবেন তিনি। পুনরায় পরীক্ষার আগে দুই দিন আইসোলেশনে থাকতে হবে তাকে।

বাকি সদস্যরা বৃহস্পতিবার লাহোরে যাবেন এবং শুক্রবার থেকে গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন শুরু করবেন।

৩৫ সদস্যের পাকিস্তান দল দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়বে ২৬ মার্চ। সফরে প্রোটিয়াদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেলবে দুই দল।

প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ শেষে ১৭ এপ্রিল বুলাওয়ে যাবে পাকিস্তান দল। জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে পাকিস্তান।

সফর শেষে ১২ মে দেশে ফিরবে পাকিস্তান দল।

দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তান স্কোয়াড

ওয়ানডে স্কোয়াড:

বাবর আজম (অধিনায়ক), ইমাম-উল-হক, ফখর জামান, আব্দুল্লাহ শফিক, হায়দার আলি, দানিশ আজিজ, সাদ শাকিল, ফাহিম আশরাফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, উসমান কাদির ও হাসান আলি।

টি-টোয়েন্টি স্কোয়াড:

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, শারজিল খান, মোহাম্মদ হাফিজ, হায়দার আলি, দানিশ আজিজ, আসিফ আলি, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, উসমান কাদির, হাসান আলি ও আরশাদ ইকবাল।

টেস্ট স্কোয়াড:

বাবর আজম (অধিনায়ক), ইমরান বাট, আবিদ আলি, আব্দুল্লাহ শফিক, আজহার আলি, ফাওয়াদ আলম, সাদ শাকিল, আঘা সালমান, ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, তাবিস খান, হাসান আলি, শাহনেওয়াজ ধানি, নোমান আলি, জাহিদ মাহমুদ ও সাজিদ খান।