গত সোমবার রাতে ৯৩তম অস্কারের চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করেছেন তারকা দম্পতি নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। ‘সাউন্ড অব মেটাল’ সিনেমার জন্য সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়ে ইতিহাস গড়েছেন রিজ আহমেদ। সেরা অভিনেতা বিভাগে এই প্রথম কোনো মুসলিম অভিনেতা মনোনয়ন পেয়েছেন। মনোনয়ন পেয়ে রিজ আহমেদ জানান, তিনি খুশি হবেন যদি ভবিষ্যতে তার মতো আরও অনেকে এমন সুযোগ পান।
এর আগে ২০১৭ সালে সেরা সহঅভিনেতা বিভাগে মনোনয়ন পেয়ে প্রথম মুসলিম হিসেবে অস্কার জেতেন মাহেরশালা আলি। এরপর ২০১৯ সালে ‘গ্রিন বুক’ সিনেমার জন্য একই বিভাগে আরও একটি অস্কার জিতেছেন এ অভিনেতা।
রিজ আহমেদ এবার প্রথম অস্কারে ইতিহাস লিখলেন ঠিকই, কিন্তু তিনি ইতিহাসের অংশ হন প্রথম মুসলিম ও প্রথম এশিয়ান হিসেবে ২০১৭ সালে এমি অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার জিতে। ‘দ্য নাইট অব’ সিনেমার জন্য পুরস্কার জেতেন ৩৮ বছর বয়সী এ ব্রিটিশ-পাকিস্তানি অভিনেতা। রিজ আহমেদ ছাড়াও এ বছর অস্কারের সেরা অভিনেতা ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন আরেক এশিয়ান অভিনেতা স্টিভেন ইয়ুন (মিনারি)। এই বিভাগে আরও মনোনয়ন পেয়েছেন চ্যাডউইক বোজম্যান (মা রেইনিস ব্ল্যাক বটম), অ্যান্টনি হপকিংস (দ্য ফাদার) ও গ্যারি ওল্ডম্যান (ম্যাংক)।
সেরা কারেকটিভ চিত্রনাট্য বিভাগে মনোনয়ন পেয়েছে প্রিয়াঙ্কা চোপড়া প্রযোজিত ও অভিনীত মুভি ‘দ্য হোয়াইট টাইগার’। এ বছর মোট ২৩টি শাখায় পুরস্কার দেওয়া হবে। এ বছর মনোনয়নে নারীরা এগিয়ে আছেন। আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে ৯৩তম অস্কার অ্যাওয়ার্ড অনুষ্ঠান।
সেরা মুভির তালিকায় রয়েছে ‘দ্য ফাদার’, ‘জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক ম্যাসায়া’, ‘ম্যাংক’, ‘নোম্যাডল্যান্ড’, ‘প্রমিজিং ইয়াং ওম্যান’, ‘সাউন্ড অব মেটাল’, ‘দ্য ট্রায়াল অব দ্য শিকাগো সেভেন’। আন্তর্জাতিক সিনেমার তালিকায় আছে ‘অ্যানাদার রাউন্ড’, ‘বেটার ডেজ’, ‘কালেকটিভ’, ‘দ্য ম্যান হু সোল্ড হিজ স্কিন’, ‘কু ভাডিস, আইডা’। সেরা চিত্রনাট্যের মনোনয়ন পেয়েছে ‘জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক ম্যাসায়া’, ‘মিনারি’, ‘প্রমিজিং ইয়াং ওম্যান’, ‘সাউন্ড অব মেটাল’, ‘দ্য ট্রায়াল অব দ্য শিকাগো সেভেন’। সেরা অভিনেত্রী বিভাগে লড়বেন ভায়োলা ডেভিস, অ্যান্ড্রা ডে, ভানেসা কিরবি, ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড, ক্যারি মালিগ্যান।