স্পিন বোলিং কোচ হিসেবে বাংলাদেশের সঙ্গে চুক্তি করা ড্যানিয়েল ভেট্টরি ব্যাটসম্যানদের নিয়েও কাজ করছেন বলে জানিয়েছেন দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ১০০ দিনের চুক্তিতে তাকে নিয়োগ দেয় বাংলাদেশ। প্রতিদিনের জন্য করসহ তার পারিশ্রমিক ৩ হাজার মার্কিন ডলার।
আন্তর্জাতিক ক্রিকেটে বাঁহাতি স্পিনে ৭০৫ উইকেটের সঙ্গে ৭ হাজারের কাছাকাছি রান আছে ভেট্টরির। টেস্ট ৮ নম্বর পজিশনে করেছেন সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরি।
ডমিঙ্গো বললেন, ‘আমাদের কয়েকজন বোলার ও ব্যাটসম্যানকে নিয়ে সে কাজ করছে। আমরা জানি নিউজিল্যান্ডের হয়ে ড্যান কতটা ভাল ব্যাটসম্যান ছিল। দলের মধ্যে যে শক্তি আর সতেজতা সে নিয়ে এসেছে যা এত দিন ছিল না।’
এবার নিউজিল্যান্ড গিয়ে কোয়ারেন্টাইন শেষ করার পর কুইন্সটাউনে দলের সঙ্গে যোগ দেন ভেট্টরি।
সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, ‘ড্যানিয়েলকে পাওয়া দারুণ ব্যাপার। গত এক বছর ধরে আমাদের সঙ্গে সে কাজ করছে। যদিও করোনার কারণে তাকে টানা পাওয়া যায়নি। তার অভিজ্ঞতা আর জ্ঞান পাওয়া দারুণ ব্যাপার। কেবল ভেন্যু নিয়ে না কিছু খেলোয়াড় নিয়েও।’