এপ্রিলে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ইমার্জিং দল। ঘরের মাঠে অনুষ্ঠিত আসরে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নিগার সুলতানা জ্যোতি।
বৃহস্পতিবার জ্যোতিকে অধিনায়ক করে ২২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ গেমস ক্রিকেটে ভালো করা খেলোয়াড়দের প্রাধান্য দেওয়া হয়েছে স্কোয়াড গড়াতে।
জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক রুমানা আহমেদ, টি-টোয়েন্টি অধিনায়ক সালমা খাতুন, পেসার জাহানারা আলমও রয়েছেন দলে।
বিবৃতিতে বিসিবি জানায়, ২৮ মার্চ ঢাকা পৌঁছাবে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল। একই দিন ঢাকা থেকে উড়ে যাবে সিরিজের ভেন্যু সিলেটে।
তিন দিনের কোয়ারেন্টাইন শেষে ১ এপ্রিল থেকে অনুশীলন করতে পারবে দলটি।
৪ এপ্রিল প্রথম ওয়ানডে। পরের ম্যাচগুলো- ৬, ৮, ১১ ও ১৩ এপ্রিল। সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ নারী ইমার্জিং দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক, উইকেটরক্ষক), রুবাইয়া হায়দার ঝিলিক, ফারিহা ইসলাম তৃষ্ণা, নুজহাত তাসনিয়া টুম্পা (উইকেটরক্ষক), রাবেয়া, মুর্শিদা খাতুন হ্যাপি, লতা মন্ডল, শবনম মোস্তারি, শারমিন সুলতানা, রিতু মণি, দিশা বিশ্বাস, ফারজানা হক পিংকি, সুরাইয়া আজমিম, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার, শামীমা সুলতানা (উইকেটরক্ষক), খাদিজা-তুল-কুবরা, রুমানা আহমেদ, সালমা খাতুন, নাহিদা আক্তার ও পান্না ঘোষ।