যশোর পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপির প্রার্থী। গতকাল বৃহস্পতিবার সকালে যশোর প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির প্রার্থী মারুফুল ইসলাম। ৩১ মার্চ যশোর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে মারুফুল ইসলাম বলেন, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছি।
সংবাদ সম্মেলনে বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়; যা দেশে চলমান পৌরসভা নির্বাচনের মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে। এ কারণে বিএনপি এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস বেগম, সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সাধারণ সম্পাদক মনির আহমেদ সিদ্দিকী বাচ্চু প্রমুখ।