ভারতীয় রাজনীতিতে কোন দলের কত সম্পত্তি

ভারতের জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর ঘোষিত তথ্য ও আয়কর রিটার্ন বিশ্লেষণ করে সম্পত্তির পরিমাণ জানিয়েছে বেসরকারি সংগঠন এডিআর।

ওই প্রতিবেদনের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম বলছে, সর্বশেষ লোকসভা ভোটের আগের বছরে (২০১৮-১৯ অর্থবছরে) বিজেপির সম্পত্তির পরিমাণ ছিল দ্বিতীয় স্থানে থাকা কংগ্রেসের তিন গুণেরও বেশি।

জাতীয় রাজনৈতিক দলগুলোর মোট সম্পত্তির ৫৪ শতাংশ ছিল কেন্দ্রের ক্ষমতাসীনদের দখলে!

বৃহস্পতিবার এডিআর জানায়, ২০১৮-১৯ সালে বিজেপির সম্পত্তি ছিল ২,৯০৪ কোটি রুপি, কংগ্রেসের ৯২৮ রুপি এবং তৃতীয় অবস্থানে থাকা মায়াবতীর বিএসপির ৭৩৮ কোটি রুপি।

সে তুলনায় পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সম্পত্তি ছিল অনেকটা কম, ২১০ কোটি রুপি। সেখানে জাতীয় রাজনীতিতে কোণঠাসা এবং পশ্চিমবঙ্গ-ত্রিপুরায় ক্ষমতাচ্যুত সিপিএমের সম্পত্তির অঙ্ক ছিল ৫১০ কোটি রুপি। মুলায়ম-অখিলেশ যাদবের এসপি এখনো জাতীয় রাজনৈতিক দলের তকমা পায়নি। কিন্তু আঞ্চলিক দল হয়েও সম্পত্তির নিরিখে জাতীয় দলগুলোর সমকক্ষ তারা। তাদের সম্পত্তির মূল্য ছিল প্রায় ৫৭২ কোটি রুপি।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী গত কয়েক দিনে একাধিকবার বলেছেন, বিজেপির সঙ্গে কংগ্রেস বা অন্য দল টাকার জোরে পেরে উঠছে না। অন্য দল এক টাকা খরচ করলে বিজেপি ১০ টাকা করছে। এডিআরের রিপোর্টেও তার প্রতিফলন।

বিজেপির তুলনায় শুধু যে কংগ্রেসের সম্পত্তি কম, তা নয়। আলোচ্য বছরে কংগ্রেসের দেনা ও বকেয়া ছিল ৭৮ কোটি রুপির বেশি। বিজেপির ঝুলিতে যদি জাতীয় রাজনৈতিক দলের অর্ধেকের বেশি সম্পত্তি থাকে, তা হলে দলগুলোর মোট দেনা ও বকেয়ার অর্ধেকের বেশি আবার কংগ্রেসের ঘাড়ে। বিজেপির দেনা মোটে ৩৭ কোটি রুপি। সে হিসেবে দেনা ও বকেয়া বাদে বিজেপির তহবিলের পরিমাণ ছিল ২,৮৬৬ কোটি রুপি ও কংগ্রেসের ৮৫০ কোটি।