বাগেরহাটের ডেমা ইউনিয়ন পরিষদ

দুই সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১০

বাগেরহাটে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আধিপত্য বিস্তার নিয়ে দুই ইউপি সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে শিশুসহ ১০ জন আহত হয়েছে। এ সময় একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহতদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের শরীরে বন্দুকের ছররা গুলি বিদ্ধ হয়েছে বলে ধারণা করছেন চিকিৎসক। 

গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ডেমা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ডেমা গ্রামে এ  ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন রুহুল আমিন গাজী, নওশের শেখ, মাহফুজ শেখ, রবিউল ইসলাম, অনিক শেখ, মিখাইল হোসেন, হেলাল গাজী, মিলন শেখ ও ইমাম গাজী। তারা সবাই ইউপি নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী ওয়াহেদ মোস্তফা বাপ্পীর সমর্থক। অপর প্রার্থী সজীব তরফদারের পক্ষের কেউ আহত হয়েছেন কি না, তা পুলিশ জানাতে পারেনি। এ ব্যাপারে বক্তব্য জানতে ওয়াহেদ মোস্তফা বাপ্পী এবং সজীব তরফদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি।

হাসপাতালে ভর্তি রুহুল আমিন গাজী ও নওশের শেখ অভিযোগ করেন, আগামী ১১ এপ্রিল ডেমা ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। ৭ নম্বর ওয়ার্ডে সদস্য পদে ওয়াহেদ মোস্তফা বাপ্পী এবং সজীব তরফদার প্রতিদ্বন্দ্বিতা করছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ওয়াহেদ মোস্তফা বাপ্পীর পক্ষে আমরা ২৫-৩০ দল বেঁধে ভোটারদের কাছে দোয়া চাইতে যাই। এ সময় সজীব তরফদারের সমর্থকরা অতর্কিত আমাদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় ও গুলি ছোড়ে। এতে আমরা বেশ কয়েকজন আহত হই।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মীর মো. সাফিন মাহমুদ সাংবাদিকদের বলেন, ডেমা গ্রামে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। কোন পক্ষের বন্দুক দিয়ে গুলি করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।