ছেলেকে উদ্ধারে নদীতে ঝাঁপ বাবা-ছেলের মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে বহ্মপুত্র নদীতে ডুবে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার শুকুন্দি ইউনিয়নের দীঘাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন জাকারিয়া ফরাজী (৫০) ও তার ছেলে সাজিদ ফরাজী (৭)। তারা শুকুন্দি ইউনিয়নের দীঘাকান্দি গ্রামের ফরাজী বাড়ির বাসিন্দা।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত জাকারিয়া ফরাজী পেশায় কৃষক ছিলেন। তার কৃষিজমি নদীর পাড়ে। সকালে মাঠে যাওয়ার সময় ছেলে তার সঙ্গে যাওয়ার বায়না ধরে। পরে তাকে নিয়ে তিনি মাঠে যাচ্ছিলেন। এ সময় কলাগাছের ভেলা দিয়ে বহ্মপুত্র নদী পার হওয়ার সময় তার শিশুসন্তান নদীতে পড়ে যায়। সন্তানকে বাঁচাতে বাবা জাকারিয়া ফরাজী নদীতে ঝাঁপ দেন। এ সময় বাবা-ছেলে দুজনই নদীতে তলীয়ে যায়। পরে আশপাশের লোকজন নদী থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে বাবা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মনোহরদী থানার ওসি মোহাম্মদ আনিছুর রহমান বলেন, নদীর মাঝখানে যাওয়ার পর ভেলা থেকে শিশুটি পড়ে যায়। পরে তাকে বাঁচাতে গিয়ে দুজনেরই মৃত্যু হয়।