বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী

রাজশাহীতে আনন্দ মিছিলে ছাত্রলীগের হাতাহাতি

রাজশাহী মহানগর ছাত্রলীগের মিছিলে হাতাহাতির ঘটনা ঘটেছে। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে গতকাল শুক্রবার বিকেল পৌনে ৬টার দিকে মিছিলে এ ঘটনা ঘটে। এ সময় ছাত্রলীগের তিন-চার নেতাকর্মী আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ছাত্রলীগ নেতারা জানিয়েছেন, বিকেল সাড়ে ৫টার দিকে মহানগর ছাত্রলীগ রাজশাহী কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করে। মিছিলটি মহানগরীর প্রাণকেন্দ্র সাহেববাজার জিরোপয়েন্টে পৌঁছলে আকস্মিকভাবে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় মিছিলের সামনে থাকা মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম এবং সাধারণ সম্পাদক সিরাজুম মোবিন সবুজ নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করেন। কিন্তু জিরোপয়েন্ট থেকে পিএন গার্লস স্কুল পর্যন্ত তিন দফা হাতাহাতির ঘটনা ঘটে। এরপর মিছিলটি কুমারপাড়া মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে মহানগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম বলেন, ‘আনন্দ মিছিল পন্ড করার জন্য শিবিরের এজেন্টরা প্রবেশ করেছে। তারাই আমাদের কর্মীদের বিভ্রান্ত করে হাতাহাতির ঘটনা ঘটিয়েছে। কীভাবে এ ধরনের ঘটনা ঘটল তা আমরা দ্রুত বের করার চেষ্টা করব।’