সুযোগ পেলে বিসিবির সেরা সভাপতি হবেন সাকিব

সুযোগ পেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিহাসের সেরা সভাপতি হতে পারবেন বলে বিশ্বাস করেন সাকিব আল হাসান।

শনিবার রাতে এক ফেইসবুক লাইভ অনুষ্ঠানে সাকিব এ মন্তব্য করেন।

বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখান থেকেই এদিন ক্রিকফ্রেঞ্জি’র লাইভ অনুষ্ঠানে যুক্ত হন সাকিব। যা নিজের ফেইসবুক পেজে শেয়ারও দেন সাকিব।

অনুষ্ঠানে সঞ্চালকের মাধ্যমে ভক্তদের নানা প্রশ্নের উত্তর দেন সাকিব। যেখানে একটি প্রশ্ন ছিল এমন- ‘আমরা দেখছি অবসরের পর বিসিবিতে অনেকে যাচ্ছে। ভবিষ্যতে সাকিবকে কি বিসিবির কোনো পদে দেখা যাবে? এ রকম কোনো ভবিষ্যৎ স্বপ্ন রয়েছে?’

সাকিব উত্তরটা দিলেন এভাবে বলেন, ‘ইন্টারেস্টিং! আমার কাছে তো মনে হয়, আমি যদি বিসিবির কখনো ও রকম অবস্থায় যেতে পারি, আমার কাছে মনে হয় আমি যত ভালো কাজ করব, এটা আর বাংলাদেশে কেউ করতে পারবে না।’

সাকিব বলে যান, ‘অবশ্যই যদি ক্রিকেটে থাকি আর বিসিবি সভাপতি হওয়ার সুযোগ আসে, অবশ্যই সেটা হতে চাইব এবং আমি জানি যে আমি বিসিবির ইতিহাসের সেরা সভাপতি হতে পারব।’

সাকিব যোগ করেন, ‘এটা আমি খুব ভালোভাবে বিশ্বাস করি যে আমার পক্ষে এটা সম্ভব।’