শাহজালালে বিপুল পরিমাণ ভারতীয় মুদ্রাসহ যাত্রী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল শনিবার সকালে বিপুল পরিমাণ ভারতীয় মুদ্রাসহ ফকরুল ইসলাম নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউজ। তার গ্রামের বাড়ি চাঁদপুর।

ঢাকা কাস্টম হাউজের ডেপুটি কমিশনার মোহাম্মদ আবদুস সাদেক সাংবাদিকদের জানান, শনিবার সকাল সাড়ে ৮টায় বিজি-৪০৪৮ ফ্লাইটে দুবাই থেকে ঢাকা আসেন ফকরুল ইসলাম। গ্রীন চ্যানেল অতিক্রম করার সময় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ওই যাত্রীর সঙ্গে থাকা ব্যাগেজ স্ক্যানিং করলে তাতে মুদ্রা সদৃশ বস্তু দেখা যায়। এ সময় যাত্রীকে ব্যাগেজ কাউন্টারে এনে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ব্যাগ তল্লাশি করে মোট ৫০ লাখ ২ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়; যা বাংলাদেশি টাকায় ৫৮ লাখ ৫২ হাজার ৩৪০ টাকা। তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। থানায় মামলা হয়েছে।