যুক্তরাজ্য থেকে সিলেটে এসে হোটেলে কোয়ারেন্টাইনে থাকা একই পরিবারের নারী-শিশুসহ ৯ জন চুপিসারে বাড়ি চলে গেছেন।
বিষয়টি জানাজানির পর তারা হোটেল কর্তৃপক্ষকে জানিয়েছেন, একজন অসুস্থ আত্মীয়কে দেখতে তারা বাড়ি গেছেন। আবার হোটেলে ফিরে আসবেন। কিন্তু হোটেল কর্তৃপক্ষ ও সেখানে দায়িত্বরত পুলিশের চোখ ফাঁকি দিয়ে কিভাবে তারা বাড়ি গেলেন এ নিয়ে প্রশ্ন উঠেছে।
অভিযোগ পাওয়া গেছে, নগরীর বিভিন্ন হোটেলে কোয়ারেন্টাইনে থাকা যুক্তরাজ্য ফেরতরা সংশ্লিষ্টদের ‘ম্যানেজ’ করেই এভাবে বাইরে ঘুরে বেড়াচ্ছেন। তারা কোয়ারেন্টাইন বিধি মানছেন না।
নগরীর আম্বরখানার ব্রিটানিয়া হোটেলে কোয়ারেন্টাইনে ছিলেন যুক্তরাজ্য থেকে দেশে ফেরা সিলেটের জকিগঞ্জ উপজেলার একই পরিবারের নারী-শিশুসহ ৯ জন। এরা হলেন, আবদুল মালিক (৪৬), রুনা আক্তার (৪৪), রুবাবা আক্তার (৪২), রাহিমা বেগম (৪০), তামিমা আক্তার (৯), তায়্যিবা আক্তার (১১), রাদিয়া আক্তার (১১), সায়েমা বেগম (১৮) ও তাহমিদ (৪)। গত ১৮ মার্চ তারা দেশে আসেন।
রবিবার তারা কিছু না বলে হোটেল ছেড়ে বাড়ি চলে যান। পরে বিষয়টি হোটেল কর্তৃপক্ষের নজরে এলে তারা যোগাযোগ করলে প্রবাসীরা জানান, গুরুতর অসুস্থ এক আত্মীয়কে দেখতে তারা বাড়ি গেছেন। আবার হোটেলে ফিরে আসবেন।
এ ব্যাপারে ব্রিটানিয়া হোটেলের ব্যবস্থাপক কাওছার খান সন্ধ্যায় দেশ রূপান্তরকে জানান, ওই প্রবাসীরা হোটেলের ২০৩ ও ৬০৩ নম্বর কক্ষে থাকতেন। কাউকে কিছু না বলে তারা হোটেলের বাইরে চলে যান। পরে যোগাযোগ করলে তারা জানিয়েছেন, রোগী দেখে আবার হোটেলে ফিরে আসবেন।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, ওই হোটেলে পুলিশের ৩ জন সদস্য দায়িত্বরত রয়েছেন। তাদের উপস্থিতি সত্ত্বেও কিভাবে প্রবাসীরা চলে গেলেন তা খতিয়ে দেখা হচ্ছে। দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।