কমলগঞ্জে চালক হত্যায় কাউন্সিলর গ্রেপ্তার

মৌলভীবাজারের কমলগঞ্জে সিএনজিচালিত অটোরিকশাচালক জলিল মিয়া হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি কমলগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাম মুগ্নি মুহিতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার ভোরে মৌলভীবাজার শহর থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মৌলভীবাজার পৌর এলাকা থেকে মুহিতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মুহিত একই মামলার প্রধান আসামি কমলগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা গোলাম কিবরিয়া শফির ছোট ভাই।

কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, ‘গতকাল বিকেলে আসামিকে মৌলভীবাজার আদালতে পাঠানো হয়। অন্য আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।’

গত ৪ মার্চ রাত সাড়ে ১০টায় শমসেরনগর সিএনজি ফিলিং স্টেশনে গাড়িতে গ্যাস ভরা নিয়ে কথা কাটাকাটির পর ছুরিকাঘাতে সিএনজিচালিত অটোরিকশাচালক জলিল মিয়া খুন হন।