শহরের বেড়পাড়ায় গতকাল রবিবার একটি বাড়ির পানির ট্যাংক থেকে তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত তরুণ রাবিকুল ইসলাম বকুলের (২৯) বাড়ি শহরের বেড়পাড়ায়।
বকুলের বাবা আরমান আলী জানান, দুদিন খোঁজাখুঁজির পর রবিবার সকাল ১০টার দিকে পরিবারের সদস্যরা বাড়ির পানির ট্যাংকের মধ্যে লাশের সন্ধান পায়। এই সময় পুলিশকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ উদ্ধার করে।
মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা বলেন, বকুল মাদকাসক্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, মাদক সেবনের পর তিনি পানির ট্যাংকের মধ্যে পড়ে মারা যান। অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম বলেন, বকুল মাদকসেবনের পর একাই পানির ট্যাংকের মধ্যে পড়ে মারা গেছেন নাকি অন্য কেউ তাকে ফেলে দিয়েছে, সে বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। তবে বকুলের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদকের কয়েকটি মামলা আছে।