মাদক কারবারির পেটে ৭৪০ ইয়াবা

চট্টগ্রামের মিরসরাইয়ে আটক হওয়া এক মাদক কারবারির পেটের ভেতর থেকে ৭৪০টি ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাদি ফকিরহাট এলাকায় বাসে তল্লাশির সময় মাদক কারবারি মো. শাহজাহানসহ তিনজনকে আটক করা হয়।

আটকরা হলো মো. শাহজাহান, হামিদুল হক ও শাহপরান। আটকদের মধ্যে শাহজাহান তার পেটের ভেতরে ইয়াবা থাকার কথা পুলিশের কাছে স্বীকার করে।

মিরসরাই থানার ওসি মজিবুর রহমান বলেন, পুলিশ হাদি ফকিরহাট এলাকায় বাস তল্লাশিকালে একটি যাত্রীবাহী বাস থেকে তিন যাত্রী নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের মধ্যে শাহজাহান নামে একজন জানায় তার পেটের ভেতর ইয়াবা রয়েছে। পরে ডাক্তারের পরামর্শমতে তার পেটের ভেতর থেকে ৭৪০টি ইয়াবা উদ্ধার করা হয়।