এক ঝলকে

সেবার প্রতিদানে সোনুকে ভালোবাসা

করোনার প্রথম ধাক্কায় যখন ভারতজুড়ে লকডাউন ঘোষণা করা হয়, তখন মানুষের সেবায় নিবেদিত হয়েছিলেন বলিউড ও দক্ষিণের জনপ্রিয় অভিনেতা সোনু সুদ। লকডাউনে দেশটির নানা প্রান্তে আটকে থাকা মৌসুমি শ্রমিকদের বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছিলেন। স্বাস্থ্যকর্মীদের থাকার জন্য নিজের হোটেলের দরজা খুলে দিয়েছিলেন। বিদেশে আটকে থাকা ভারতীয় শিক্ষার্থীদের দেশে ফেরার জন্য বিমানের ব্যবস্থা করে দিয়েছিলেন। এ ছাড়া বহু মানুষের খাবার, পড়াশোনা ও চিকিৎসার খরচ বহন করেন তিনি। দুঃসময়ে সোনুর উপকারের কথা কৃতজ্ঞচিত্তে মনে রেখেছে ভারতবাসী। এর আগে মানবসেবার জন্য ‘স্পেশাল হিউম্যানিটেরিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ড’ পেয়েছেন সোনু সুদ। সম্প্রতি এক বিমান সংস্থা তাকে সম্মান জানিয়েছে। তাতে লেখা, ‘রক্ষাকর্তা সোনু সুদকে কুর্নিশ’। অভিনেতাকে ‘মসিহা’ নাম দিয়েছেন অনেকে। উপকৃতদের অনেকেই তাদের ব্যবসাপ্রতিষ্ঠানের নাম রেখেছেন সোনুর নামে। সামাজিক মাধ্যমে একের পর এক হাতে আঁকা সোনুর ছবিতে ভরে গেছে টাইমলাইন। সোনু যখন পাঞ্জাব থেকে মুম্বাই এসেছিলেন অভিনেতা হওয়ার জন্য, তখন সামর্থ্য ছিল না ট্রেনে সংরক্ষিত টিকিট কাটার। তার মনে পড়ছে বাবা-মায়ের কথা। কঠিন দিনে তারাই ছিলেন সোনুর পাশে। ছেলের সাফল্য তারা দেখতে পাননি। এ সবই সোনু লিখেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

ধর্ষণের শিকার ডেমি লোভাটো!

বিশ্বখ্যাত মার্কিন গায়িকা ও অভিনেত্রী ডেমি লোভাটোর জীবনে ঘটে যাওয়া চাঞ্চল্যকর ঘটনা সামনে এলো। তার দাবি, ডিজনি চ্যানেলের শ্যুটিংয়ে গিয়ে মাত্র ১৫ বছর বয়সে তিনি ধর্ষণের শিকার হয়েছিলেন। সম্প্রতি এসএক্সএসডব্লিউ সংগীত উৎসবে ‘ডেমি লোভাটো : ডান্সিং উইথ দ্য ডেভিল’ তথ্যচিত্রে তিনি এই চাঞ্চল্যকর তথ্য জানান। তিনি বলেন, ডিজনিতে কাজ করার সময় ১৫ বছর বয়সে তাকে এক ব্যক্তি খাবারে মাদক মিশিয়ে দেয়। পরে ব্যক্তিটি ফাঁকা ঘরে নিয়ে ডেমিকে ধর্ষণ করে। পরে ডেমিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে মাদকাসক্ত থাকার কারণে কোনোরকম জবাব দিতে পারেননি ডেমি। ঘটনাটি তিনি চেপে যেতে বাধ্য হন। দুর্ভাগ্যবশত তারপরও ওই ধর্ষককে সবসময়ই চোখের সামনে দেখতে হয়েছে এই তারকাকে। এরপরেও ২০১৮ সালে আরও একবার ধর্ষণের শিকার হয়েছেন বলে জানিয়েছেন ডেমি। দ্বিতীয়বার ধর্ষণের পর ডেমি দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।